সিন্ডিকেটের ভয়াল গ্রাস থেকে সাধারণ মানুষের মুক্তি নেই। বাস্তবতা মেনে নিয়ে, দেশের মানুষকে কাজ করতে হয়। এ শোষণ সর্বকালীন। শুধু শাসনের রূপ আর শাসক বদল হয়, অত্যাচারীর বদন পাল্টায়, কিন্তু পদ্ধতি চিরকালীন। এ এক শাসন-শোষণ খেলা। মালয়েশিয়ার শ্রমবাজারে সবসময় আলোচনায় সিন্ডিকেট। ২০০৮ সালে বন্ধ হওয়া মালয়েশিয়ার শ্রমবাজার চালু হয়েছিল ২০১৬ সালে। এরপর ২০২১ সালের ১৮ ডিসেম্বর সমঝোতা চুক্তির মাধ্যমে বাজার খুলতে সময় লাগে তিন বছর। ২০২২ সালের আগস্টে আবার মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী যাওয়া শুরু হয়। তারপর ২০২৪ সালের ১ জুন থেকে পুনরায় শ্রমবাজার বন্ধ হয়। অভিযোগ অভিবাসন ব্যয়ের আড়ালে, বিপুল পরিমাণ অর্থ চলে যায় সিন্ডিকেটের পকেটে। ফলে সিন্ডিকেটমুক্ত শ্রমবাজার চান জনশক্তি রপ্তানিকারকদের একাংশ। দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবার খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। মূলত বাংলাদেশ সরকারের নিরলস চেষ্টার ফলে শ্রমিক পাঠানোর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে।
এবার মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় ১০টি শর্ত জুড়ে দিয়ে আগামী ৭ নভেম্বরের মধ্যে রিক্রুটিং এজেন্সির তালিকা পাঠাতে চিঠি দেওয়া হয়েছে। বৈধ লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্টগুলোকে আগামী ৭ নভেম্বরের মধ্যে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে কাগজপত্রসহ আবেদনের জন্য আহ্বান জানানো হয়েছে। জানা যাচ্ছে, শর্তের পাশাপাশি রেকর্ডপত্র পাঠাতে বলা হয়েছে। কোনো এজেন্সি মিথ্যার আশ্রয় নিলে, চিরদিনের জন্য কালো তালিকাভুক্ত করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। প্রথম ধাপে লাখখানেক শ্রমিক যেতে পারে। শর্তে বলা হচ্ছে একেকটি এজেন্সির অফিস ১০ হাজার স্কয়ার ফিট থাকতে বলা হয়েছে, এজেন্সি ন্যূনতম পাঁচ বছরের লাইসেন্সধারী হতে হবে, বিগত তিন বছরে কমপক্ষে তিন হাজার কর্মী পাঠানোর অভিজ্ঞতা থাকতে হবে, একেকটি এজেন্সির অন্তত তিনটি দেশে শ্রমিক পাঠানোর রেকর্ড থাকতে হবে, অফিসের আকার ও ওই অফিস পাঁচ বছর ধরে কার্যক্রমে আছে তার প্রমাণপত্র দিতে হবে, আন্তর্জাতিক নিয়োগদাতার কাছ থেকে কমপক্ষে পাঁচটি লিখিত সুপারিশপত্র থাকতে হবে, নিজস্ব প্রশিক্ষণ ও মূল্যায়ন কেন্দ্র থাকতে হবে, আবাসনের সুবিধা থাকতে হবে, সুশৃঙ্খল আচরণের সনদ এবং বৈধ লাইসেন্স ও আইনি কার্যক্রমের প্রমাণপত্র দাখিল করতে হবে এবং মালয়েশিয়ায় কর্মী পাঠিয়েছে এমন অনেকের নামে মানি লন্ডারিংসহ অন্যান্য মামলা আছে, তা স্পষ্ট করতে হবে। বলার অপেক্ষা রাখে না এ ধরনের শর্ত পূরণ করতে, মাঝারি আকারের এজেন্সির জন্য বড় চ্যালেঞ্জ হবে। বায়রার এক নেতা বলেন, ‘আমরা কাগজপত্র দেখেছি। শর্তগুলো কঠিন। সরকার যদি শর্তগুলো হুবহু মেনে তালিকা পাঠায়, তবে এটি হবে নতুন মোড়কের পুরনো সিন্ডিকেট অবস্থা।’ বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম বলছেন, মালয়েশিয়ার সরকার নতুন ১০টি যে ক্রাইটেরিয়া দিয়েছে, অধিকাংশ বাস্তবসম্মত নয়। মালয়েশিয়ায় যেসব এজেন্সি কর্মী গ্রহণ করে, তাদেরও ১০ হাজার স্কয়ার ফুটের অফিস নেই।
মালয়েশিয়ার শ্রমবাজার খুলুক, এটি আমরা চাই। কিন্তু যে ধরনের শর্তজালে আটকে ফেলা হলো তাতে প্রকৃত সুবিধা কারা পাবে? সেই তো নতুনরূপে পুরনো সিন্ডিকেটের খেলা, পদ্ধতির পরিবর্তন হলো কোথায়? শ্রমিকরা স্বপ্নজ¦ালায় ছাই হোক, আমর শুধু সিন্ডিকেটের উন্মাদ নৃত্য দেখতে থাকি।