আওয়ামী লীগ কর্মীদের প্রতি সহমর্মিতা দেখানোর আহ্বান বিএনপি নেতার

আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ০৯:৫১ এএম

বাগেরহাট সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক নিরীহ আওয়ামী লীগ কর্মীদের প্রতি সহনশীল ও সদয় আচরণের আহ্বান জানিয়েছেন। 

তিনি বলেছেন, যারা বাধ্য হয়ে মিছিল বা মিটিংয়ে অংশ নিয়েছে, কিন্তু কারও ক্ষতি করেনি বা মিথ্যা মামলার শিকার হয়নি, তাদের বিরুদ্ধে কোনো নেতিবাচক মন্তব্য নয় বরং তাদেরকে বুকে টেনে নেবার মানসিকতা রাখার প্রয়োজন।

বুধবার (২৯ অক্টোবর) রাতে বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নে আয়োজিত মতবিনিময় সভা ও গণসংযোগ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, মহিলা দলের নেত্রী ফরিদা বেগম, রোজিনা খাতুনসহ অন্যান্য স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সৈয়দ নাসির আহমেদ মালেক আরও বলেন, যারা আওয়ামী লীগের নামে জুলুম-অত্যাচার, হামলা-মামলা বা দখল-জবরদখল করেছে, তাদের সঙ্গে কোনো আপোষ নেই। কিন্তু যারা নিরীহ, শুধু অংশগ্রহণ করেছে, তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন।

তিনি অভিযোগ করেন, কিছু অনৈতিক কার্যক্রমের মাধ্যমে দেশে মুসলমানদের প্রিয় আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে হাসপাতালে পয়জন পুশের মাধ্যমে হত্যা করা হয়েছে। 

এরপর জামায়াতের কিছু সদস্য আওয়ামী লীগের বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালাচ্ছে, যা সাম্প্রদায়িক রাজনীতির সঙ্গে যুক্ত। মালেক দাবি করেন, ভোটের জন্য তারা হিন্দু সম্প্রদায়ের বাড়িতে গিয়ে পূজা-পাঠ ও প্রসাদ বিতরণ করছে।

মালেক আরও বলেন, “যদি ভোটে জয়লাভ করতে চান, নিরীহ মানুষদের ঘরে ঘরে গিয়ে জানান—বিএনপি ক্ষমতায় এলে তারা নিরাপদে এবং শান্তিতে থাকবে। আমরা সেই দায়িত্ব নিতে প্রস্তুত।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত