বিএনপি আবারও সংস্কারবিহীন রাজনীতিতে ফিরে যেতে চায় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
তিনি বলেন, যদি নির্বাচন না হয়, তাহলে যারা পালিয়ে গিয়ে ভারতে বসে ষড়যন্ত্র করছে, তারাই সুযোগ নেবে। মনে হচ্ছে বিএনপি আবারও সংস্কারবিহীন পুরোনো বাংলাদেশের রাজনীতিতে ফিরে যেতে চায়। তবে দেশের মানুষ বাংলাদেশকে আবারও আওয়ামী জাহেলিয়াতের দিকে ফিরে যেতে দেবে না।
শুক্রবার (৩১ অক্টোবর) কুমিল্লার চৌদ্দগ্রামে নিজের নির্বাচনী এলাকার কেন্দ্র পরিচালক সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. তাহের এসব কথা বলেন।
জামায়াতের এ নেতা বলেন, বিএনপি যদি সংস্কার প্রস্তাব না মানে, তবে সেটা হবে তাদের দায়িত্বহীনতার পরিচয়। এটি নতুন করে রাজনৈতিক সংকট সৃষ্টি ও আগামী ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে জনগণের মধ্যে সংশয় তৈরির অপপ্রয়াস।
ডা. তাহের বলেন, সরকার যদি তার বর্তমান সিদ্ধান্ত থেকে সরে আসে, তাহলে এটা স্পষ্ট হবে সরকার আর নিরপেক্ষ নেই। সরকার যদি কোনো দলের প্রতি আনুগত্য প্রকাশ করে, তাহলে এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়ার আশঙ্কা থাকবে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান, সাবেক আমির আবদুস সাত্তার, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, সেক্রেটারি বেলাল হোসাইন, পৌর আমির ইব্রাহীমসহ স্থানীয় নেতারা।
