চিম্বুক পাহাড়ে ভালুকের আক্রমণে জুমচাষি আহত

আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ০৬:৪০ পিএম

বান্দরবানের রুমা উপজেলায় ভালুকের আক্রমণে এক জুমচাষি গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার গালেংঙ্গ্যা ইউনিয়নের রুইফপাড়ার চিম্বুক পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত কাইং প্রে ম্রো (৩৪) ওই এলাকার রুইচ্যং ম্রোর ছেলে বাসিন্দা।

গালেংঙ্গ্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মেনরত ম্রো জানান, কাইং প্রে ম্রো শুক্রবার দুপুরে নিজের পাহাড়ি জুমে কলারছড়ি কাটছিলেন। এ সময় হঠাৎ জঙ্গল থেকে একটি ভালুক বের হয়ে এসে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. দিলীপ চৌধুরী বলেন, আঘাত গুরুতর হওয়ায় কাইং প্রে ম্রো  প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত