সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের চকমোক্তারগাতী এলাকায় গণপিটুনীতে সানোয়ার হোসেন সানু (৬০) নামে এক জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) ভোরে বহুলী ইউনিয়নের চকমোক্তারগাতি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সানোয়ার হোসেন সানু বহুলী ইউনিয়নের আলমপুর বাজার এলাকার বাদুল্লা মিয়ার ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার ওসি মোখলেছুর রহমান বলেন, শুক্রবার ভোর ৩টা থেকে ৫টার মধ্যে সানোয়ার হোসেন সানু রায়গঞ্জ উপজেলার নিজামগাতি গ্রামের হাসান আলীর বাড়িতে গরু অথবা অটোরিক্সার ব্যাটারি চুরি করতে এসেছিলেন। বাড়ির লোকজন টের পেলে সানু পালাতে গিয়ে ফুলজোড় নদীতে ঝাপ দেয়। নদী সাঁতরে তিনি চকমোক্তারগাতি এলাকায় আসলে একটি ধান ক্ষেতের মধ্যে স্থানীয়রা তাকে গণপিটুনী দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি মোখলেছুর রহমান আরো বলেন, শুক্রবার সকালে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সানুর বিরুদ্ধে রায়গঞ্জ ও সিরাজগঞ্জ সদর থানায় দুইটি ডাকাতিসহ ৩টি মামলা রয়েছে। এ ঘটনায় স্বজনরা অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
