কৃষক ও কৃষি খাতের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জীবনমান উন্নয়ন এবং তাদের দোরগোড়ায় আর্থিক সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ও উইগ্রো টেকনোলজিস লিমিটেডের মধ্যে একটি ব্যবসায়িক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এই চুক্তি বাস্তবায়ন হলে কৃষকদের জন্য প্রয়োজনীয় অর্থায়ন, কৃষি উপকরণ সরবরাহ, পরামর্শ সেবা, উৎপাদিত পণ্যের বাজার সংযোগ, ওয়ার্কিং ক্যাপিটাল লোনের ব্যবস্থা এবং উইগ্রো প্ল্যাটফর্মের মাধ্যমে কৃষি ঋণ প্রদানের কার্যক্রম আরও সম্প্রসারিত হবে। এতে কৃষি উৎপাদন, বাজার সংযোগ এবং কৃষকের আর্থিক অন্তর্ভুক্তি ত্বরান্বিত হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর গুলশানে কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিওয়া সাআদত এবং উইগ্রো টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহমুদুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে উইগ্রো টেকনোলজিসের পক্ষ থেকে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ইলহাম হাসান চৌধুরী, চিফ অপারেটিং অফিসার ফাইয়াজ সাফির, কো-ফাউন্ডার ও সিএসও জন বাকলি এবং সিনিয়র এক্সিকিউটিভ আব্দুল্লাহ আল সাদ উপস্থিত ছিলেন। কমিউনিটি ব্যাংকের পক্ষ থেকে হেড অব কর্পোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম, হেড অব এডিসি ও হেড অব এমডি’স কো-অর্ডিনেশন টিম মো. মামুন উর রহমান, হেড অব এসএমই অ্যান্ড এগ্রিকালচার শরীফ হাসান মামুনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরাও এ সময় উপস্থিত থেকে এই যৌথ উদ্যোগকে স্বাগত জানান।
অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, কৃষকদের আর্থিক সক্ষমতা বাড়ানো, বাজার সুবিধা প্রসারিত করা এবং আধুনিক কৃষি পদ্ধতিতে সহায়তা প্রদানের মাধ্যমে এই চুক্তি দেশের কৃষি খাতকে আরও গতিশীল ও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।
