মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ঢাকা–আরিচা মহাসড়কে নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে। ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’ ও ‘হটাও ইউনূস বাঁচাও দেশ, শেখ হাসিনার নির্দেশ’ লেখা ব্যানার হাতে নিয়ে তারা এই মিছিল করে।
শুক্রবার (৩১ অক্টোবর) সকালের দিকে উপজেলার মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকায় এই সংক্ষিপ্ত মিছিলটি অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। পরে বিকালে ১ মিনিট ২৫ সেকেন্ডের একটি ভিডিও ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
স্থানীয় সূত্র জানায়, এই মিছিলে অংশ নেন নিষিদ্ধ শিবালয় উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাজমুল ইসলাম জনি ও যুগ্ম আহ্বায়ক সাইমুন হাসান স্বাধীনসহ মোট তেরজন নেতাকর্মী। তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে মহাসড়কের একাংশে সংক্ষিপ্ত সময়ের জন্য অবস্থান নেন।
মিছিলে আহ্বায়ক নাজমুল ইসলাম জনি স্লোগানে বলেন, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। আমরা আছি লাখো ভাই, শেখ হাসিনার ভয় নাই। মুজিব তোমার স্মরণে, ভয় করিনা মরনে। লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই।’
এ বিষয়ে জানতে চাইলে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘বিষয়টি জানা ছিল না আমাদের। নিষিদ্ধ সংগঠন মিছিল করে থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
উল্লেখ্য, এর আগে গত কয়েক মাসে একই সংগঠনের নেতাকর্মীরা দুই দফায় ঢাকা–আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ঝটিকা মিছিল করেছে।
