বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে কোনো ব্যক্তি বিনা চিকিৎসায় মারা যাবেনা এবং টাকা ব্যয় করে বিদেশে চিকিৎসা নিতে যেতে হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান।
শুক্রবার সকালে উত্তরা ১১ নম্বর সেক্টর কল্যাণ সমিতি মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মেডিকেল ডেন্টাল ইউনিট বৃহত্তর উত্তরা আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে এর কার্যক্রম উদ্বোধন কালে তিনি এ মন্তব্য করেন। এসময় আশপাশের দুই শতাধিক মানুষকে সেবা প্রদান করে চিকিৎসকরা।
তিনি বলেন, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর রাষ্ট্র ব্যবস্থা ৩১ দফায় চিকিৎসা ব্যবস্থা নিয়ে বিস্তার পরিকল্পনা রয়েছে। যা বাস্তবায়ন আমরা করব। তারই অংশ হিসাবে তুরাগ, উত্তরখান, দক্ষিণখান, বিমানবন্দর এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প চালু করা হয়েছে।
তিনি আরো বলেন, আপনার মনে রাখবেন আজকে আমারা ফ্রি মেডিকেল ক্যাম্প চালুর মাধ্যমে বৃক্ষরোপণ করেছি। এ বৃক্ষ যেন ডালপালা মেলে অনেক বড় করতে পারি সেজন্য আপনাদের সহযোগিতা দরকার। আমরা সেই পরিকল্পনা নিয়ে সামনের দিকে এগিয়ে চলছি। এদেশে যারা নিরীহ লোক আছে অসহায় হতদরিদ্র আছে তারা টাকার অভাবে চিকিৎসা করতে পারে না। দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ এ দেশ অবৈধভাবে শাসন করেছে। সেই সময় মানুষ বিনা চিকিৎসায় মারা গেছে। তাদের খোঁজ খবর কেউ নেয়নি। আমরা বলতে চাই বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে কেউ বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করবে না।
মোস্তফা জামান বলেন, দেশে উন্নত চিকিৎসা নেই বলে মানুষ লাখ লাখ টাকা ব্যয় করে বিদেশে চিকিৎসা নিতে যায়। অনেকে মধ্যবিত্ত পরিবারে সদস্যরা টাকার অভাবে বিদেশের মাটিতে চিকিৎসা নিতে পারে না। জনগণের ভোটের মাধ্যমে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে আসুন। তাহলে আর বিদেশে চিকিৎসা নিতে হবে না। দেশেই উন্নত চিকিৎসা ব্যবস্থা করা হবে। তিনি বলেন, নির্বাচন কে কেন্দ্র করে দেশের ষড়যন্ত্র চলছে। যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। সকল ষড়যন্ত্র অবসান ঘটিয়ে ইনশাআল্লাহ বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ১১ নম্বর সেক্টর কল্যাণ সমিতির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ। তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন অর রশিদ খোকা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
