কুয়াকাটায় সৈকতে ‘সরদার মার্কেট’ ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ

আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ০৪:২৭ পিএম

পটুয়াখালীর কুয়াকাটায় সৈকতের আলোচিত ঝুঁকিপূর্ণ সরদার মার্কেট ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছে কুয়াকাটা পৌরসভা প্রসাশন। 

গত ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক সরদারের স্বাক্ষরিত চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। অনুমোদনবিহীন, বিপজ্জনক এই স্থাপনাকে আইন ও জননিরাপত্তার জন্য হুমকি বলে আখ্যা দেওয়া হয়েছে ওই চিঠিতে।

চিঠিতে উল্লেখ করা হয়, মহামান্য হাইকোর্টের রিট পিটিশন অনুসারে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বেড়িবাঁধের বাইরে প্রায় ৪০ ফুট উঁচু লোহার পাইপের ওপর তিনতলা স্থাপনা নির্মাণ করা হয়েছে। এটি ইমারত আইন, স্থানীয় সরকার (পৌরসভা) আইন ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে স্পষ্টভাবে লঙ্ঘন করছে।

জোয়ারের সময় এই মার্কেটের নিচে পর্যন্ত উঠে আসে সাগরের পানি। দোকানিদের ভাষায়, ঢেউ এলে মনে হয় এখনই সব ভেসে যাবে। ভয় আর অনিশ্চয়তার মধ্যেই চলছে তাদের বেচাকেনা।

সরদার মার্কেটের মালিক সাজেদুল ইসলাম হিরু মিয়ার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করে ও তাকে পাওয়া যায়নি।

তবে এ নিয়ে আগে গণমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি বলেন, এটি আমার মালিকানাধীন জমি। প্রকৌশলীর পরামর্শ নিয়েই স্থাপনার কাজ করছি। আদালতেরও একটি আদেশ রয়েছে। তবে সাগর এভাবে এতটা ভেতরে চলে আসবে, আমরাও ভাবিনি। বিপুল অর্থ লগ্নি করে এখন বিপদে পড়েছি।

এবিষয়ে কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ বলেন, আমরা বিচ পরিদর্শন করেছি। এটি অনুমোদনহীন, ঝুঁকিপূর্ণ স্থাপনা। পর্যটকদের নিরাপত্তা হুমকির মুখে ফেলছে। প্রাথমিকভাবে অপসারণের নোটিশ দেওয়া হয়েছে, এরপর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত