ভারতের অন্ধ্রপ্রদেশের নবনির্মিত একটি মন্দিরে পদদলিত হয়ে অন্তত ১২ জন নিহত ও বহু হতাহত হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যের শ্রীকাকুলম জেলার কাসিবুগ্গা এলাকায় নবনির্মিত শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে শনিবার (১ নভেম্বর) একাদশীর সকালে এই ঘটনা ঘটেছে।
নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। গুরুতর আহত বহু মানুষকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভয়াবহ ভিডিওতে দেখা যায়, শত শত ভক্ত পূজার থালা হাতে নিয়ে মন্দিরের সিঁড়িতে ভিড় জমিয়েছেন। অতিরিক্ত ভিড়ের চাপে অনেকেই পড়ে গিয়ে পদদলিত হন। কিছুক্ষণ পরেই মন্দির চত্বরে নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। আহতদের সাহায্যে স্থানীয় মানুষজন ও স্বেচ্ছাসেবীরা ছুটে আসেন।
পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারা বলেন, মিনি তিরুপতি নামে পরিচিত এই কাসিবুগ্গা মন্দিরটি সরকারি এনডাউমেন্টস বিভাগের অধীনে নয়। কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনকে বিশাল ভিড়ের সম্ভাবনার কথা আগে থেকে জানায়নি। নির্মাণাধীন এলাকায় মাত্র একটি প্রবেশ ও নির্গমন পথ থাকায় দুর্ঘটনাটি মারাত্মক রূপ নেয়।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, শ্রীকাকুলমের কাসিবুগ্গা ভেঙ্কটেশ্বর মন্দিরে পদদলিতের ঘটনাটি হৃদয়বিদারক।
উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণ জানিয়েছেন, বড় মন্দিরগুলোতে কার্তিক মাসে ভিড় বেড়ে যায়। তাই আগাম প্রস্তুতি জরুরি। তিনি মন্দির কর্তৃপক্ষ ও এনডাউমেন্টস দফতরকে সতর্ক থাকার পরামর্শ দেন। যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো যায়।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন। তিনি প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারের জন্য ২ লাখ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকার আর্থিক সাহায্য ঘোষণা করেছেন।
