বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, প্রধান উপদেষ্টা ইতোমধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহেই নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে। আর পিআর পদ্ধতি এখন ফিকে হয়ে গেছে। যারা এটাকে জনসম্পৃক্ততা করার চেষ্টা করেছিল, তারা তা করতে পারেনি।
আজ শনিবার (১ নভেম্বর) দুপুরে শরীয়তপুরের ডামুড্যার শিধলকুড়া বাজারে নির্বাচনী প্রচারণাকালে তিনি এ কথা বলেন তিনি।
প্রচারণাকালে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন অপরিহার্য। আর দেশে যেসব অপরাধীর বিচার প্রক্রিয়া চলছে, তা বাধাগ্রস্ত করতে কিছু দুষ্কৃতকারী ব্যর্থ চেষ্টা চালাচ্ছে।
পরে তিনি ৩১ দফা বাস্তবায়নের আহ্বান জানান এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ডামুড্যা উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ভোট প্রার্থনা করেন।
এ সময় শরীয়তপুর জেলা বিএনপির সহসভাপতি মাহফুজুর রহমান বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরুজ্জামান খান দিপু, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গণি মিন্টু সরদার, ডামুড্যা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাহাদাত হোসেনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
