ফিলিস্তিনে ক্রমবর্ধমান সংকট

ইসরায়েল ১৯৪ বার লঙ্ঘন করেছে যুদ্ধবিরতি চুক্তি

আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ১২:৩৪ পিএম

ফিলিস্তিনের গাজায় ১০ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলি সেনাবাহিনী কমপক্ষে ১৯৪ বার লঙ্ঘন করেছে। গতকাল রবিবার (২ নভেম্বর) ফিলিস্তিন সরকারের মিডিয়া অফিস এই তথ্য প্রকাশ করেছে।

মিডিয়া অফিসের পরিচালক ইসমাইল আল-থাওয়াবতেহ জানিয়েছেন, লঙ্ঘনের মধ্যে রয়েছে সীমান্ত ‘হলুদ রেখা’ অতিক্রম করে সামরিক অভিযান চালানো, গুলি বর্ষণ, বিমান হামলা, আবাসিক এলাকা লক্ষ্য করে আক্রমণ এবং চিকিৎসা সামগ্রী ও জরুরি সহায়তা পৌঁছানোতে বাধা। 

তিনি বলেন, ‘আমরা আশা করেছিলাম চুক্তিটি কিছুটা স্বস্তি বয়ে আনবে, কিন্তু বাস্তবে তা হয়নি। দখলদার বাহিনী নিয়মিত ফিলিস্তিনি জনগণের নিরাপত্তা লঙ্ঘন করছে।’

তদন্ত ও পর্যবেক্ষণ রিপোর্ট অনুযায়ী, ইসরায়েলি বাহিনী ‘হলুদ রেখা’ অতিক্রম করে বেসামরিক এলাকায় যানবাহন পাঠাচ্ছে এবং হামলা চালাচ্ছে, ফলে বহু মানুষ হতাহত হচ্ছে। থাওয়াবতেহ স্থানীয়দের সতর্ক করে বলেন, ওই এলাকায় যাওয়া বিপজ্জনক, কারণ পূর্বেও এখানে কোনো সতর্কতা ছাড়াই বেসামরিক নাগরিকরা লক্ষ্যবস্তু হয়েছে।

মিডিয়া অফিস আরও জানিয়েছে, যুদ্ধবিরতি প্রোটোকলে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মরদেহ উদ্ধারের জন্য এবং বাস্তুচ্যুত পরিবারদের জন্য তাঁবু ও মোবাইল হোম সরবরাহ করার কথাও বলা হয়েছিল। কিন্তু বাস্তবে এটি কার্যকর হয়নি। ফলে প্রায় ২ লাখ ৮৮ হাজার পরিবার এখন রাস্তায় বা খোলা স্থানে বসবাস করছে। এছাড়া ধ্বংসস্তূপের নিচে এখনও প্রায় ৯ হাজার ৫০০ ফিলিস্তিনি নিখোঁজ বা নিহত অবস্থায় আছে।

ফিলিস্তিন সরকারের তথ্যে জানা গেছে, গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে। এর প্রাথমিক আর্থিক ক্ষতি প্রায় ৭০ বিলিয়ন ডলার। থাওয়াবতেহ অভিযোগ করেছেন, ইসরাইল ইচ্ছাকৃতভাবে মানবিক সংকট আরও বাড়াচ্ছে এবং রাফাহ সীমান্তে মিশরের দিকে ছয় হাজারের বেশি ত্রাণবাহী ট্রাক আটকে রেখেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত