গুলশানে চলছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ০১:১৫ পিএম

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক শুরু হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দল ও জোটের প্রার্থী তালিকা চূড়ান্ত করাই এ বৈঠকের প্রধান লক্ষ্য। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই বৈঠকে সভাপতিত্ব করছেন।

বেলা সাড়ে ১২টার দিকে শুরু হওয়া বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরা সশরীরে উপস্থিত আছেন। বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, বৈঠক শেষে বিকেল ৩টায় একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত ঘোষণা করা হবে।

এদিকে, প্রার্থী নির্বাচন সংক্রান্ত বিষয়াদি নিয়ে আলোচনার জন্য বিভাগভিত্তিক সাংগঠনিক সম্পাদকদেরও কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

দলের একাধিক স্থায়ী কমিটির সদস্য জানিয়েছেন, বৈঠকে আসন্ন নির্বাচনে দল ও জোটগতভাবে একক প্রার্থী চূড়ান্ত করার বিষয়টি আলোচনায় রয়েছে। গত দুই সপ্তাহ ধরে তারেক রহমান বিভিন্ন বিভাগের সম্ভাব্য প্রার্থীদের সাথে কথা বলেছেন এবং সবাইকে দলীয় সিদ্ধান্ত মেনে নেওয়ার নির্দেশনা দিয়েছেন।

এ প্রসঙ্গে, গতকাল তারেক রহমান দলের ওয়েবসাইটে একটি ঘোষণায় বলেন, শিগগিরই পর্যায়ক্রমে বিভিন্ন আসনে দলের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। দল যাকে মনোনয়ন দেবে, তাকে বিজয়ী করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি নেতা-কর্মীদের মধ্যে কোনো ধরনের রেষারেষি বা বিরোধ না করারও আহ্বান জানান।

প্রসঙ্গত, গত তিন সপ্তাহ আগে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানিয়েছিলেন, নভেম্বরের প্রথম দিকে প্রায় দুইশ আসনের প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। এবারের বৈঠক থেকে প্রথম দফায় প্রায় দুইশ আসনের প্রার্থী তালিকা ঘোষণার সম্ভাবনা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত