গজারিয়ায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ০২:২২ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় বালুয়াকান্দি গ্রামে এক অপসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। 

রবিবার (২ নভেম্বর) রাত ৩টায় উপজেলার বালুয়াকান্দি দক্ষিণ মহল্লায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য ফজলুল হকের বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। এ ব্যাপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। 

ভুক্তভোগীরা জানান, জানালার গ্রিল কেটে ১৫/২০ জন ডাকাত বিল্ডিংয়ে প্রবেশ করে এবং পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল স্বর্ণালংকারসহ প্রায় ৭৫/৮০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

এ বিষয়ে বাড়ির মালিক মো. ফজলুল হক বলেন, ডাকাত দল ঘরে প্রবেশ করে আমার নাতির গলার রামদা ধরে একে একে আমাদের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং আমার স্ত্রী ও তিন ছেলের বউয়ের ৩৫ ভরি স্বর্ণালংকার, নগদ ৩ লাখ পঞ্চাশ হাজার টাকা, ৯টা বিদেশি মোবাইল, কসমেটিকসসহ ঘরের মূল্যবান সব কিছু নিয়ে যায়, যার বর্তমান বাজার মূল্য ৭৫/৮০ লাখ টাকা। 

ফজলুল হকের বড় ছেলের বউ ফরিদা জানান, বাচ্চাদের গলায় অস্ত্র ধরে রাখায় আলমারিতে রক্ষিত স্বর্ণালংকার, নগদ টাকার পাশাপাশি, গায়ে থাকা গলার চেইন, কানের দুল এমন কি নাকে থাকা নাক ফুল ও খুলে নিয়ে যায় ডাকাত দল।  

এ বিষয়ে স্থানীয় জিয়া নামে এক যুবক জানান, গ্রামে ছিচকে চুরি হলেও এই জাতীয় ডাকাতি এই প্রথম, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তারা।

বিষয়টা নিয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ বলেন, ৯৯৯ নাম্বারে ফোন পেয়ে রাতেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করি, অভিযোগ দিতে বলা হয়েছে, এছাড়াও আশেপাশে সিসিটিভি রয়েছে, আমরা বিষয়টা অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত