বান্দরবানের উজানীপাড়া রাজগুরু মহা বৌদ্ধ বিহারে বর্ণাঢ্য আয়োজনে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত হয়েছে। সোমবার (০৩ নভেম্বর) সকাল থেকে নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উৎসব পালিত হয়।
ভোরে বিশ্বশান্তি কামনায় সূত্রপাঠ, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন ও পূজনীয় ভিক্ষুসংঘের প্রাতঃরাশের মধ্য দিয়ে ধর্মীয় কার্যক্রম শুরু হয়। সকাল ৮টায় রাজবাড়ি থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে বিহার প্রাঙ্গণে গিয়ে সমবেত হয়। পরে বুদ্ধপূজা, অষ্টপরিষ্কার দান, মহাসংঘদান, কঠিন চীবরদান ও ধর্মদেশনা অনুষ্ঠিত হয়।
উৎসবে ধর্মদেশনা দেন নাইক্ষ্যংছড়ি কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত আসাবা মহাথের, আগাপাড়া বৌদ্ধ বিহারের ভদন্ত ক্ষেমাচারা মহাথের, উদালবনিয়া কেন্দ্রীয় বিহারের ভদন্ত পাইন্দা ওয়াইংসা মহাথের, পুলপাড়া বিহারের ভদন্ত বিচারিন্দ মহাথের, পার্বত্য ভিক্ষু পরিষদের মহাসচিব ভদন্ত তেজপ্রিয় মহাথের, রাজগুরু মহা বৌদ্ধ বিহারের ভদন্ত ড. সুবন্নলংকারা মহাথের ও ভদন্ত উকেতু মহাথেরসহ বিভিন্ন বিহারের ভিক্ষুসংঘ।
অনুষ্ঠানে বোমাং রাজা বোমাংগ্রী উচ প্রু, বিহারের দায়ক-দায়িকা ও অসংখ্য বৌদ্ধ ভক্ত উপস্থিত ছিলেন।
