তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে ৭ম দিনের আপিল শুনানি শুরু

আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ১০:২৮ এএম

সর্বোচ্চ আদালতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর ৭ম দিনের আপিল শুনানি শুরু হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালেই প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ বিচারপতির বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হচ্ছে।

বিএনপির পক্ষে শুনানিতে অংশ নিয়েছেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন। এর আগে, জামায়াতও তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আবেদন জানিয়ে শুনানি সম্পন্ন করেছে।

জামায়াতের আইনজীবী শিশির মনির শুনানিতে বলেন, ‘যদি তত্ত্বাবধায়ক সরকার পুনরায় প্রতিষ্ঠিত হয়, তবুও আগামী নির্বাচন হবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে।’ অপর এক আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল মন্তব্য করেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও এটি কখন থেকে কার্যকর হবে তা সাংবিধানিক প্রশ্নের কারণে সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণের ওপর নির্ভর করবে।’

গত ২৭ আগস্ট আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন মঞ্জুর করেন এবং আপিলের অনুমতিও দেন। এরপর ড. বদিউল আলম মজুমদারসহ ৫ জন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার আপিল করেন।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ২০১১ সালে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের আপিল বিভাগের সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে বাতিল করা হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত