কক্সবাজারে গহীন পাহাড় থেকে নারী-শিশুসহ উদ্ধার ২৫

আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ১০:৪৩ এএম

কক্সবাজার জেলার টেকনাফে গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে দুই মানবপাচারকারীকে আটক করা হয়েছে। এ সময় সাগরপথে মালেয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দী থাকা বাংলাদেশি ও রোহিঙ্গা ২৫ নারী ও শিশুকে উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

লেফটেন্যান্ট কমান্ডার বলেন, গোয়েন্দা সূত্র ও পূর্ববর্তী সময় আটক পাচারকারীদের দেওয়া তথ্যমতে জানা যায়, সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বেশ কিছু সংখ্যক ব্যক্তিকে টেকনাফের বাহারছড়ার ঝুম্মা পাড়া সংলগ্ন গহীন পাহাড়ি এলাকায় বন্দি করে রাখা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে সোমবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড এবং নৌবাহিনী ওই এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে পাচারকারীদের গোপন আস্তানা থেকে পাচারের উদ্দেশ্যে বন্দী থাকা নারী ও শিশুসহ ২৫ জন ভুক্তভোগীকে উদ্ধার করে। এ সময় যৌথ বাহিনী দুইজন মানবপাচারকারীকে আটক করা হয়।

উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় গমনে উদ্বুদ্ধ করে সাগরপথে পাচারের পরিকল্পনা করছিল।

পরবর্তীতে, পাচারকারীরা তাদের সুবিধাজনক সময় মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূল থেকে বোটযোগে মালয়েশিয়ায় পাচার করার পরিকল্পনা করে। পরে তাদের আটকে রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায় করার চেষ্টা করছিল।

উদ্ধার ব্যক্তি ও আটক অপহরণকারীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত