রাজধানীর উত্তরায় ট্রেনের ধাক্কায় হাফিজ আহমেদ (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরবর্তী মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
সুরতহাল প্রতিবেদনে ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. বজলুর রশিদ উল্লেখ করেন, মঙ্গলবার সকালে উত্তরা ব্যাটালিয়ন কোয়ার্টারের সামনের রেল লাইন দিয়ে অসাবধানতাবশত চলাচল করছিলেন হাফিজ আহমেদ নামে ওই ব্যক্তি। এসময় জামালপুর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে সেখান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহতের ভাগিনা প্রিন্স শেখ জানান, তার মামার বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার আড়পাড়া গ্রামে। বর্তমানে ঢাকার সাভার রামচন্দ্রপুর এলাকায় থাকতেন। একটি কোম্পানিতে মার্কেটিং বিভাগে চাকরি করতেন তিনি। অফিসের কাজে উত্তরা এলাকায় গিয়েছিলেন। তবে কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা তিনি জানেন না। হাফিজ দুই মেয়ের জনক বলে জানান তিনি।
