দুই মাসের মধ্যে সব ক্যাম্পাসে নির্বাচন দিতে হবে: সাদিক কায়েম

আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ১০:৩৮ পিএম

বরিশাল: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেছেন, দেশের প্রতিটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দেওয়া শিক্ষার্থীদের এক অটুট দাবি। 

তিনি জানান, জুলাইয়ের আন্দোলনের পর চারটি বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের আয়োজন করা হয়েছে এবং আগামী দুই মাসের মধ্যে সব বিশ্ববিদ্যালয়ে নির্বাচন সম্পন্ন করা প্রয়োজন।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের আয়োজনে ‘এক শিক্ষার্থী এক কুরআন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সাদিক কায়েম বলেন, শিক্ষার্থীরা জেলা ও কলেজ প্রশাসনের সঙ্গে এই দাবি নিয়ে যাবে এবং কিছু ক্ষেত্রে আইন সংস্কারের মাধ্যমে দ্রুত সমাধান আশা করা যায়। চার বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত নেতারা মিলিত হয়ে বিষয়টি সরকারের কাছে উপস্থাপন করবেন।

তিনি আরও বলেন, ছাত্রসংঘের মাধ্যমে নেতৃত্বের বিকল্প ব্যবস্থা নিশ্চিত করতে হবে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে দ্রুত নির্বাচন আয়োজন করা হবে এবং শিবিরের বিজয় নিশ্চিত হবে।

সাদিক কায়েম অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তরে বলেন, ছাত্রশিবিরকে দমন করতে বিভিন্ন ফ্রেমিং করা হয়েছে, তবে তা ভেঙে দিয়েছেন শিক্ষার্থী ও জনতা। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ে এখনও কিছু ফ্যাসিবাদী উপাদান রয়ে গেছে উল্লেখ করে তাদের অপসারণের প্রয়োজনীয়তাও তুলে ধরেন।

তিনি বলেন, রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য ৮৭টি প্রস্তাবনা এসেছে। এর মধ্যে মূল সংস্কারগুলোতে বিএনপি নোট অব ডিসেন্ট জানিয়েছে। তবে ছাত্র-জনতা নতুন বাংলাদেশ বিনির্মাণে ফ্যাসিবাদী উপাদান দূর করতে বাধ্য করবে।

সভায় বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি আমিনুল ইসলাম সভাপতিত্ব করেন এবং অর্থ ও দপ্তর সম্পাদক জাকারিয়া ইসলাম সঞ্চালনা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত