নিজাম হাজারীর স্ত্রীর বিরুদ্ধে মামলা হচ্ছে

আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০৭:৪৩ এএম

অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ৪৫ কোটি ৩৪ লাখ টাকার বেশি মূল্যের অবৈধ সম্পদ অর্জন এবং তার ব্যাংক হিসাবে ৪৩ কোটি ৩১ লাখ ৪৭ হাজার ৮০৩ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর স্ত্রী নুরজাহান বেগমের নামে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। গতকাল মঙ্গলবার দুপুরে দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

দুদকের অভিযোগে বলা হয়, নুরজাহান বেগম দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে  ৫৩ কোটি ৬৩ লাখ ৮৫ হাজার ৮১৮ টাকার সম্পদ অর্জনের ঘোষণা দেন। এরপর তার ৮ কোটি ২৯ লাখ ৭১ হাজার ৯৬৭ টাকার সম্পদ অর্জনের বৈধ উৎস পাওয়া যায়। অবশিষ্ট ৪৫ কোটি ৩৪ লাখ ১৩ হাজার ৮৫১ টাকার সম্পদ অর্জনের বৈধ কোনো উৎস পাওয়া যায়নি। এ পরিমাণ সম্পদ তিনি অবৈধ উপায়ে অর্জন করে নিজ ভোগদখলে রাখেন। এ ছাড়া তার ব্যাংক হিসাবে ২০১৯ সালের মে মাস থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত ৪৩ কোটি ৩১ লাখ ৪৭ হাজার ৮০৩ টাকার সন্দেহজনক লেনদেন করা হয়।

নিজাম উদ্দিন হাজারী গত তিন সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচন করে জয়লাভ করেছেন। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, ঢাকা, ফেনীসহ বিভিন্ন জেলায় নামে-বেনামে জমি ও বাণিজ্যিক ভবন কেনা এবং বিদেশে টাকা পাচারের অভিযোগ রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত