ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। দলটি এবার মোট ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে।
এর আগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদে থাকা ফজলুর রহমানের দায়িত্ব সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল, যা এখনও আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার হয়নি।
তাই অনেকেই ধারণা করেছিলেন, তিনি এবার হয়তো মনোনয়ন পাবেন না। কিন্তু শেষ পর্যন্ত দলের প্রার্থী তালিকায় উঠে এসেছে তাঁর নাম।
মনোনয়ন পেয়ে প্রতিক্রিয়ায় তিনি বলেন, “দল আমার প্রতি যে আস্থা দেখিয়েছে, আমি তার মর্যাদা রাখব। দেশনেত্রী খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই। তাঁদের আস্থা অর্জনই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।”
ফজলুর রহমান আরও বলেন, “আমি সবসময় মানুষের পক্ষে ছিলাম, থাকবও। আমার এলাকায় উন্নয়ন ও মানুষের কল্যাণের জন্য যা যা করা দরকার, নির্বাচিত হলে তা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করব।”
নিজ এলাকা নিয়ে তাঁর আত্মবিশ্বাস স্পষ্ট। “আমার এলাকার মানুষ আমাকে চেনে, বিশ্বাস করে। তারা জানে আমি কখনো অন্যায় বা অন্যায্য কাজে জড়াইনি, ভবিষ্যতেও জড়াব না। যদি আল্লাহ সুস্থ রাখেন, পাঁচ বছর পরও মানুষ দেখবে আমি আমার কথা রেখেছি,” বলেন তিনি।
উল্লেখ্য, গত জুলাইয়ে গণঅভ্যুত্থান সংক্রান্ত বক্তব্যকে কেন্দ্র করে ফজলুর রহমানের দায়িত্ব স্থগিত করে বিএনপি।
মাধবপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী আটক