মুন্সীগঞ্জে মেট্রোরেল সংযোগের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে যোগাযোগ উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছে মুন্সীগঞ্জ মেট্রোরেল বাস্তবায়ন পরিষদ।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম স্মারকলিপি গ্রহণ করেন।
স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ মেট্রোরেল বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক এডভোকেট মঞ্জুর মোর্শেদ, সদস্য সচিব ও মুন্সীগঞ্জ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, এডভোকেট মাহবুব আলম স্বপন, এডভোকেট মোস্তাফিজুর রহমান, সিনিয়র সাংবাদিক মাহবুব আলম লিটন, সাংবাদিক রানা, এবং দৈনিক সংগ্রাম এর মুন্সীগঞ্জ প্রতিনিধি মমিন বিশ্বাস প্রমুখ।
স্মারকলিপিতে বলা হয়েছে, মুন্সীগঞ্জ সদর, টংগীবাড়ি ও সিরাজদিখান উপজেলার প্রায় ১০ থেকে ১৫ লাখ মানুষ প্রতিদিন ঢাকা থেকে মুক্তারপুর হয়ে যাতায়াত করে। ঢাকা থেকে মুন্সীগঞ্জের দূরত্ব মাত্র ২৫ কিলোমিটার। কার্যকর মেট্রোরেল সংযোগ স্থাপন হলে যাতায়াত ব্যবস্থা উন্নত হবে এবং বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শহর ঢাকার ওপর জনচাপ কমবে।
স্মারকলিপি প্রদান শেষে আহ্বায়ক এডভোকেট মঞ্জুর মোর্শেদ জানান, আগামী ১৪ নভেম্বর সকাল ৯টায় সর্বস্তরের নাগরিকদের নিয়ে দাবির পক্ষে একটি মানব বন্ধন কর্মসূচি পালন করা হবে। তিনি সবাইকে মানব বন্ধনে অংশগ্রহণের আহ্বান জানান।
