ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাংবাদিকদের ফোন কেড়ে তথ্য লোপাট ও মারধরের ঘটনায় ৩ শিক্ষার্থীকে ১ বছরের জন্য বহিষ্কার ও ৯ জনকে সতর্ক করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত পৃথক চারটি অফিস আদেশে এসব তথ্য জানানো হয়।
বহিষ্কৃত তিন শিক্ষার্থী হলেন অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাহিদ হাসান, আফসানা পারভীন তিনা ও রিয়াজ মোর্শেদ। তাদেরকে দুই সেমিস্টার মেয়াদে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার এবং একই ঘটনায় পরোক্ষ সংশ্লিষ্টতা পাওয়ায় আরও ৯জন শিক্ষার্থীকে সতর্ক বার্তা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জানা যায়, গত ১২ জুলাই বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের আন্তঃসেশন খেলাকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় ঘটনার ভিডিও করতে গেলে তিন সাংবাদিককে মারধর ও এক সাংবাদিকের মোবাইল কেড়ে নেয় বিভাগের শিক্ষার্থীরা। দীর্ঘ ২২ ঘণ্টা ফোনটি তারা নিজেদের কাছে রাখে এবং সব ডকুমেন্ট মুছে ফেলে। পরবর্তীতে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার এবং মিথ্যা অভিযোগ দায়ের করে তারা।
এদিকে ঘটনার পর ১৪ জুলাই প্রশাসন ফার্মেসি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মিজানুর রহমানকে আহ্বায়ক এবং সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. মিল্লাতুল করিমকে সদস্য সচিব করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে তিন শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে কমিটির সুপারিশের আলোকে গত ৩০ অক্টোবর ২৭১তম সিন্ডিকেট সভায় তাদেরকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।
