ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৫তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কেএম মতিনুর রহমান। মাধ্যমিক ও উচ্চবিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয়ের সহকারী সচিব মো.সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বৃহস্পতিবার (১৪ মে) এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ১৯৮০সালের ইসলামী বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী তাকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। উপাচার্য পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করতে হবে।
অধ্যাপক ড. মতিনুর রহমান বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, ইউট্যাবের কার্যনির্বাহী সদস্য ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন।
