কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সাপের খেলা দেখতে গিয়ে গোখরা সাপের ছোড়া বিষ পড়েছে সুমন মিয়া (২৮) নামের এক যুবকের চোখে। বুধবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার শশীদল ইউনিয়নের শশীদল বাজারে এ ঘটনা ঘটে। আহত সুমন মিয়া ওই ইউনিয়নের দক্ষিণ তেঁতাভূমি গ্রামের অজুদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে শশীদল বাজারে এক সাপুড়ে সাপের খেলা দেখাচ্ছিলেন। খেলা দেখতে ভিড় করেন অনেক দর্শক। দর্শকদের ভেতর ছিলেন সুমন মিয়াও। সাপুড়ের নির্ধারিত গোল দাগের বাইরে বসে তিনি খেলা দেখছিলেন। হঠাৎ একটি গোখরা সাপ মুখ খুলে বিষ ছুড়ে মারে। সেই ছোড়া বিষ সুমনের বাম চোখে গিয়ে লাগে।
বিষ চোখে পড়ার পরপরই সুমন অস্বস্তি বোধ করতে থাকেন। পরে তার সহযোগীসহ দ্রুত ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফাহমিদা জাহান বলেন, বিকেলে সুমন মিয়া নামের এক যুবক আমাদের কাছে আসেন। তার বক্তব্য অনুযায়ী, সাপের খেলা দেখার সময় একটি গোখরা সাপ চোখে বিষ ছুড়ে দেয়। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।
স্থানীয়দের ধারণা, সাপুড়ের অসতর্কতা এবং সাপের উত্তেজিত আচরণের কারণে এমন ঘটনা ঘটেছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।