শৃঙ্খলা ভঙ্গের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদকে দল থেকে স্থায়ী অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বুধবার রাতে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ অক্টোবর আপনাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয় এবং আপনাকে কেন স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে না তার লিখিত ব্যাখ্যা জানতে চাওয়া হয়। সেই নোটিশের প্রেক্ষিতে বিগত ১৪ অক্টোবর আপনি লিখিত জবাব দিয়েছেন। জবাব পর্যালোচনা করে আপনার প্রদত্ত ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় এবং আগের শৃঙ্খলা কমিটির কার্যক্রম চলমান অবস্থায় আপনাকে সতর্ক করা সত্ত্বেও বারবার সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে দল থেকে অব্যাহতি প্রদান করা হলো।
এর আগে ১২ অক্টোবর দলীয় শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগের ভিত্তিতে প্রাথমিক সত্যতা পাওয়ায় দলের সব ধরনের সাংগঠনিক কর্মকাণ্ড থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল।
