জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে এ খবর জানানো হলে বিভিন্ন সমালোচনা ও আলোচনার সৃষ্টি হয়।
নিজের যোগদানের কারণ ব্যাখ্যা করতে ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন তিনি।
মীর স্নিগ্ধ জানান, ‘জুলাইয়ের পর থেকে নতুন বাংলাদেশ গঠনের যে উদ্দীপনা তরুণদের মধ্যে দেখা দিয়েছে, তার একজন প্রতিনিধি হিসেবে আমি বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করেছি। রাজনৈতিক পরিবর্তনের এই প্রচেষ্টা বাস্তবায়নে রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি আরও বলেন, ‘আমি এবং আমার ভাইরা আগে রাজনীতিতে সক্রিয় ছিলাম না। মুগ্ধ একজন সাধারণ নাগরিক হিসেবে দেশের জন্য জীবন দিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে একজন সাধারণ নাগরিক হিসেবে রাজনীতিতে যুক্ত হয়ে নিজ যোগ্যতায় কাজ করতে চাই।’
মীর স্নিগ্ধ উল্লেখ করেন, ‘রাজনৈতিক আকাঙ্ক্ষার পিছনে প্রধান কারণ হলো জুলাই শহীদ, আহত যোদ্ধা, শহীদ পরিবার এবং জুলাইপন্থীদের প্রতিনিধিত্ব করা, তরুণদের জন্য সেতুবন্ধন তৈরি করা এবং বিএনপির রাজনৈতিক দর্শন ও রাষ্ট্র পুনর্গঠনের রূপরেখার সঙ্গে কাজ করার আগ্রহ।’
তিনি আশা প্রকাশ করেন, বিএনপিতে যোগদানের মাধ্যমে জাতীয়তাবাদী দল এবং তরুণদের মধ্যে সেতুবন্ধন গড়ে তুলতে পারবেন। ‘সর্বোপরি আমি সব রাজনৈতিক দল এবং বাংলাদেশ ও জুলাইপন্থীদের সঙ্গে কাজ করতে চাই, সুন্দর বাংলাদেশ গঠনের লক্ষ্য নিয়ে’—যোগ করেন মীর স্নিগ্ধ।
