উয়েফা চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ ম্যাচ ডে ফুটবলভক্তদের জন্য নিয়ে এসেছে রোমাঞ্চ, চমক এবং একগুচ্ছ নতুন রেকর্ড। লিভারপুলের বিপক্ষে রিয়াল মাদ্রিদের হার, ক্লাব ব্রুজের কাছে বার্সেলোনার ড্র—সব মিলিয়ে আলোচনার কেন্দ্রে ছিল মাঠের লড়াইয়ের পাশাপাশি কিছু ব্যক্তিগত অর্জনও।
শুরুটা করা যায় বায়ার্ন মিউনিখকে দিয়ে। ইউরোপের পাঁচ বড় লিগের ইতিহাসে প্রথম কোনো দল হিসেবে তারা একটানা ১৬ ম্যাচ জিতেছে। ১০ জন নিয়ে খেলে তারা হারিয়েছে পিএসজিকে, যা তাদের চ্যাম্পিয়নস লিগ শিরোপা প্রত্যাশায় নতুন মাত্রা যোগ করেছে। এদিকে ইকার ক্যাসিয়াসের রেকর্ড ভেঙে ২২ বছর বয়সী জুড বেলিংহ্যাম হয়ে গেছেন চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে কম বয়সে ৫০ ম্যাচ খেলা ফুটবলার।
ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান ফরোয়ার্ড আর্লিং হালান্ড নতুন ইতিহাস গড়েছেন। তিনি চ্যাম্পিয়নস লিগে তিনটি ভিন্ন ক্লাবের হয়ে পাঁচ ম্যাচ ধারাবাহিকভাবে গোল করা প্রথম খেলোয়াড়। সিটির হয়ে এই মৌসুমেই ছয় ম্যাচে তার গোল সংখ্যা ১০। ম্যান সিটির আরেক তারকা ফিল ফোডেন চ্যাম্পিয়নস লিগে ওয়েইন রুনির পর এত কম বয়সে (২৫ বছর ১৬১ দিন) অন্তত ২০ গোল করা দ্বিতীয় খেলোয়াড় হয়েছেন।
ভবিষ্যতের তারকা হিসেবে বার্সেলোনার লামিনে ইয়ামালও নিয়মিত নিজেকে প্রমাণ করে যাচ্ছেন। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে ১৮ বছরের কম বয়সে সর্বোচ্চ ১৩টি গোলে অবদান রাখার রেকর্ড গড়েছেন। এছাড়া আর্সেনালের ম্যাক্স ডাওম্যান মাত্র ১৫ বছর ৩০৮ দিন বয়সে চ্যাম্পিয়নস লিগে অভিষিক্ত হয়ে গড়েছেন ইতিহাস। তিনিই এই লিগে সবচেয়ে কম বয়সী অভিষিক্ত খেলোয়াড়।
আর্সেনাল টানা ৮টি ম্যাচে গোল খায়নি, যা ১২২ বছরের রেকর্ড ছুঁয়েছে। টানা ৪টি অ্যাওয়ে ম্যাচে গোল করা প্রথম আর্সেনাল খেলোয়াড় হয়েছেন বুকায়ো সাকা। সবচেয়ে কম বয়সে (১৮ বছর) চ্যাম্পিয়নস লিগে টানা দুই ম্যাচে গোল করা দক্ষিণ আমেরিকান ফুটবলার হয়েছেন এস্তেভাও। ইন্টার মিলান প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগে টানা ৪ ম্যাচ জিতেছে। লাউতারো মার্টিনেজ ২৫ গোল করে হয়েছেন চ্যাম্পিয়নস লিগের চতুর্থ সর্বোচ্চ গোলদাতা আর্জেন্টাইন ফুটবলার।
এবার প্রতিপক্ষকে লাথি মেরে নিষিদ্ধ হলেন সুয়ারেজ
ফোডেনের জোড়া গোলে ডর্টমুন্ডকে উড়িয়ে দিল ম্যান সিটি
রোনালদোকে ছাড়াই ভারতের ক্লাবকে এক হালি গোল উপহার আল নাসরের