ফিফা দেবে ‘শান্তি পুরস্কার’; প্রথম বিজয়ী কি ডোনাল্ড ট্রাম্প?

আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ০২:৩৫ পিএম

ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা ফিফা নতুন বার্ষিক পুরস্কার ‘ফিফা শান্তি পুরস্কার’ চালু করতে যাচ্ছে। আগামী ৫ ডিসেম্বর প্রথমবারের মতো এই পুরস্কারটি প্রদান করা হবে। সেদিন ওয়াশিংটনের কেনেডি সেন্টারে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ড্র অনুষ্ঠানে ‘শান্তি স্থাপনে অসাধারণ অবদানের স্বীকৃতি’ হিসেবে দেওয়া হবে এই পুরস্কার।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অনুষ্ঠানে উপস্থিত থাকার পরিকল্পনা করছেন। তবে ট্রাম্প এই পুরস্কার পেতে যাচ্ছেন কিনা- সে বিষয়ে কিছু নিশ্চিত করেননি ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, ‘৫ ডিসেম্বর আপনারা সবকিছু দেখতে পারবেন।’

ইনফান্তিনো আরও বলেন, ‘একটি বিশ্বে ক্রমেই অস্থির ও বিভাজন বেড়ে চলছে। এমতাবস্থায় যারা সংঘাত থামিয়ে মানুষকে শান্তির বার্তা দেবে এবং ঐক্যবদ্ধ করবে, তাদের অবদানের স্বীকৃতি দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের সমস্ত ফুটবল ভক্তদের পক্ষ থেকে প্রতি বছর এই পুরস্কার প্রদান করা হবে।’

ইনফান্তিনো এবং ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি সবার জানা। ইনফান্তিনো বহুবার হোয়াইট হাউসে গেছেন এবং ট্রাম্পের সঙ্গে বিদেশে যৌথ অনুষ্ঠানে অংশ নিয়েছেন। আগামী ২০২৬ সালে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোর সঙ্গে যৌথভাবে ওয়ার্ল্ড কাপ আয়োজন করবে। সেই আয়োজনেও ট্রাম্পকে পাশে পাচ্ছেন ইনফান্তিনো।

ট্রাম্পকে ‘একজন ঘনিষ্ঠ বন্ধু’ হিসেবে উল্লেখ করে তার রসবোধ ও কর্মক্ষমতার প্রশংসা করেছেন ফিফা প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘তিনি (ট্রাম্প) যা বলেন, তাই করেন। তিনি যা ভাবেন, সেটাই বলেন। অনেকেই যা ভাবেন, কিন্তু বলার সাহস পান না। কিন্তু তিনি সেটা বলে দেন। এ কারণেই তিনি সফল।’

বিশ্বজুড়ে বেশ কয়েকটি যুদ্ধ থামানোর দাবি করে ডোনাল্ড ট্রাম্প এবার নোবেল শান্তি পুরস্কার পেতে চেয়েছিলেন। কিন্তু সেই পুরস্কার তিনি পাননি। এমতাবস্থায় তার সঙ্গে ইনফান্তিনোর ঘনিষ্ঠতা থাকায় ফিফার রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে ইনফান্তিনোর দাবি, ‘বিশ্বকাপ আয়োজনের জন্য এই ঘনিষ্টতা অপরিহার্য।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত