ইরাকের সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নামছেন তরুণরা

আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ০৫:০৮ পিএম

ইরাকে আগামী ১১ নভেম্বরের সংসদ নির্বাচনকে সামনে রেখে অভূতপূর্ব সংখ্যায় তরুণ প্রার্থীরা রাজনীতিতে নাম লিখিয়েছেন। তাদের লক্ষ্য বছরের পর বছর ধরে ক্ষমতায় থাকা গোষ্ঠীভিত্তিক রাজনৈতিক অভিজাতদের প্রভাব ভেঙে স্থবির রাজনীতিতে পরিবর্তন আনা।

২৫ বছর বয়সী গণতন্ত্রপন্থী কর্মী আনোয়ার ইব্রাহিম তাদেরই একজন। তিনি বলেন, 'তরুণ ও প্রযুক্তিনির্ভর ব্যক্তিদের রাষ্ট্র পরিচালনায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত। কিছু নির্দিষ্ট দলের আধিপত্যের অবসান ঘটাতে হবে।' 

ইরাকের উচ্চ নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবার নিবন্ধিত প্রার্থীদের প্রায় ৪০ শতাংশের বয়স ৪০ বছরের নিচে, যাদের অধিকাংশের বয়স ২০-এর শেষ থেকে ৩০-এর মাঝামাঝি। বর্তমানে সংসদ সদস্যদের গড় বয়স যেখানে প্রায় ৫৫ বছর, সেখানে এই তরুণ প্রার্থীদের ঢেউ দেশটির ভবিষ্যৎ নির্ধারণে নতুন আগ্রহের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। 
 
তবে এই উচ্ছ্বাসের মধ্যেও সংশয় থেকে যায়।  এই নির্বাচন বাস্তব কোনো পরিবর্তন আনতে পারবে বলে মনে করেন না অনেক ইরাকি। ২০০৩ সালে সাদ্দাম হোসেনের পতনের পর থেকে রাজনীতি ও তেলসম্পদের নিয়ন্ত্রণ করছে প্রভাবশালী দল ও ইরানপন্থী মিলিশিয়ারা। 

অনেকে রাজনীতিতে পুরোপুরি আস্থা হারিয়েছেন। বাগদাদের সঙ্গীতশিল্পী আলি আবদ আল-হুসাইন বলেন, 'যাদের আমরা ভোট দিয়েছিলাম, তারা সাধারণ পোশাকে প্রচারণা শুরু করেছিলেন। কিন্তু নির্বাচনের পর রাতারাতি বিলাসবহুল গাড়ি আর দামি স্যুটে আমাদের থেকে দূরে চলে গেলেন। আমি আর ভোট দেব না।'
  
তরুণ প্রার্থীদের বেশিরভাগই নতুন দল গঠনের বদলে পুরোনো রাজনৈতিক জোটে যোগ দিচ্ছেন। কিন্তু বিশ্লেষকেরা বলছেন, ইরাকের রাজনৈতিক পৃষ্ঠপোষকতার সংস্কৃতি ও ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর প্রভাবের কারণে বাইরের কারও প্রবেশের সুযোগ খুবই সীমিত।

বাগদাদভিত্তিক সংবিধান বিশেষজ্ঞ কাধুম আল-বাহাদলি বলেন,'তরুণ প্রার্থীরা ভয়াবহ প্রতিরোধের মুখোমুখি হবেন। এই চক্র ভাঙতে চাইলে শুধু রাজনৈতিক সদিচ্ছাই নয়, ক্ষমতার অর্থনৈতিক ও নিরাপত্তা কাঠামোও পুনর্গঠন করতে হবে—যা শাসকশ্রেণি সহজে হতে দেবে না।'

তবু আনোয়ার ইব্রাহিমের মতো তরুণরা আশাবাদী। আরেক প্রার্থী হুসাইন আল-ঘুরাবি বলেন,'আমরা সফল হলে এটা হবে নতুন ইরাক গড়ার প্রথম পদক্ষেপ। আর যদি ব্যর্থ হই, তাহলে আমাদের গণতন্ত্র শুধু কাগজে-কলমেই সীমাবদ্ধ থাকবে'

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত