বাংলাদেশের বিপক্ষে খেলতে সাবেক অস্ট্রেলিয়ানকে ক্যাম্পে ডেকেছে ভারত

আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ১০:২৪ পিএম

ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলবে ভারত। ১৮ নভেম্বর হতে যাওয়া এই ম্যাচের জন্য ভারতীয় ফুটবল দলের ক্যাম্পে ডাকা হয়েছে অস্ট্রেলিয়ার সাবেক উইঙ্গার রায়ান উইলিয়ামসকে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) একটি সূত্র ইএসপিএনকে জানিয়েছে, উইলিয়ামসের ক্ষেত্রে এখনো কিছু আনুষ্ঠানিকতা বাকি। অস্ট্রেলিয়ার ফুটবল ফেডারেশন থেকে অনাপত্তিপত্রের (এনওসি) অপেক্ষায় আছে ভারতের ফুটবল ফেডারেশন।

৩২ বছর বয়সী উইলিয়ামসের জন্ম ও বেড়ে ওঠা অস্ট্রেলিয়ার পার্থে। অস্ট্রেলিয়ার বয়সভিত্তিক দল হয়ে ২০১৯ সালে জাতীয় দলেও জায়গা করে নেন। অবশ্য খেলেছেন একটি ম্যাচই।

২০২৩ সালে পার্থ গ্লোরি ছেড়ে ভারতের বেঙ্গালুরু এফসিতে নাম লেখান উইলিয়ামস। তিনি এক বছরের বেশি সময় ধরে ভারতীয় পাসপোর্ট পাওয়ার প্রক্রিয়ায় মধ্যে আছেন। ভারতের হয়ে খেলতে অস্ট্রেলিয়ান পাসপোর্টও ত্যাগ করেছেন। উইলিয়ামসের মা মুম্বাইয়ের মেয়ে।

এদিকে ভারতীয় দলের ক্যাম্পে ডাকা হয়েছে ২৭ বছর বয়সী ডিফেন্ডার অবনীত ভারতীকে। নেপালে জন্ম নেওয়া এই ভারতীয় বংশোদ্ভূত এখন বলিভিয়ার লিগের প্রথম বিভাগের দল একাডেমিয়া ডেল ব্যালোম্পিতে খেলেন।

এশিয়ান কাপ বাছাইয়ে ভারত ও বাংলাদেশের সংগ্রহ ২ পয়েন্ট করে। এই দুই দলের আগের ম্যাচটি ড্র হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত