আড়াইহাজারে পিস্তলসহ যুবক গ্রেপ্তার

আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ০২:৩৯ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অস্ত্রসহ ফরহাদ হোসেন ইফতি নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৬ নভেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার ছোট ফাউসা গ্রামের পূর্বপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ফরহাদ হোসেন ইফতি (২৮) উপজেলা সদরের কৃষ্ণপুরা এলাকার সাত্তার মিয়ার ছেলে ও মোটরসাইকেল চোরের সক্রিয় সদস্য বলে অভিযোগ রয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, ১০/১২ জনের একটি সংঘবদ্ধ দল পূর্বপাড়া এলাকায় বড় ধরনের অপরাধ করার জন্য জড়ো হয়েছে এমন খবরে পেয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সবাই পালিয়ে গেলেও শুধুমাত্র ইফতিকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পরে তার দেহ তল্লাশিতে করে কোমরে গোঁজা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ওসি জানান, এঘটনায় থানায় একটি মামলা হয়েছে। এছাড়া ফরহাদ হোসেন ইফতির বিরুদ্ধে এর আগেও ঢাকার উত্তরা পশ্চিম থানায় একটি মাদক মামলা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত