প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অবকাঠামো ও শিল্প থেকে শুরু করে সব ক্ষেত্রে তাদের সেবা ও প্রযুক্তিগত দক্ষতা দেশের আধুনিক অর্থনীতির ভিত্তি তৈরিতে ব্যাপক অবদান রাখছে।
শুক্রবার (৭ নভেম্বর) ‘গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)’র প্রতিষ্ঠাবার্ষিকী’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, একটি বৃহত্তর পেশাজীবী সংগঠন হিসেবে আইডিইবি এই দক্ষ কর্মীবাহিনীকে লালন-পালন, কারিগরি শিক্ষার প্রচার এবং টেকসই প্রবৃদ্ধির জন্য উদ্ভাবনকে উৎসাহিত করছে।
প্রধান উপদেষ্টা গণপ্রকৌশল দিবস-২০২৫ ও আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনের সব সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
আইডিইবি প্রতিবছর ৮ নভেম্বর ‘গণপ্রকৌশল দিবস’ পালন করে। এবারের প্রতিপাদ্য হলো ‘দক্ষ জনশক্তি-দেশ গঠনের মূল ভিত্তি’।
এই প্রতিপাদ্যকে অত্যন্ত সময়োপযোগী উল্লেখ করে ড. ইউনূস বলেন, একটি জাতির প্রকৃত শক্তি কেবল তার প্রাকৃতিক সম্পদে নয়, বরং তার জনগণের জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতার মধ্যেও নিহিত।
তিনি বলেন, অব্যাহত প্রতিশ্রুতি, পেশাদারি এবং উদ্ভাবনের চেতনার মাধ্যমে আইডিইবি’র সদস্যরা আমাদের জাতি গঠনের প্রচেষ্টার অগ্রভাগে থাকবেন। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও জাতীয় আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারা অবদান রাখবেন বলেও তিনি বিশ্বাস প্রকাশ করেন।
প্রধান উপদেষ্টা গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।
