সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের বিএনপি’র মনোনীত এমপি প্রার্থী ভিপি আয়নুল হকের নির্বাচনী শো-ডাউনে গিয়ে ট্রাকের ধাক্কায় কৃষকদলের ২ নেতা নিহত হয়েছে। দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক ট্রাকটি আটক করে। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের রায়গঞ্জের ঘুড়কা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ডুমরাই গ্রামের মৃত বিরু শেখের ছেলে ওমর ফারুক (৩৫)। তিনি ৭নং ওয়ার্ড কৃষকদলের দপ্তর সম্পাদ এবং একই গ্রামের আকবর আলীর ছেলে একই ওয়ার্ডের কৃষকদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হকের নির্বাচনী শোডাউনে যোগ দিতে সলঙ্গায় যাচ্ছিলেন দুই নেতা। মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে ঘুড়কা এলাকায় দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজনই গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে শহীদ এম. মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। উন্নত চিকিৎসার জন্য বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ওমর আলী মারা যায়।
গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে ফরিদুল ইসলামকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই নিহতের ঘটনায় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, ট্রাক চাপায় দুজনের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।
