‘দক্ষ জনশক্তি : দেশ গঠনের মূল ভিত্তি এই প্রতিপাদ্য নিয়ে আজ শনিবার উদযাপিত হচ্ছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস-২০২৫। এ উপলক্ষে বাণী দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সপ্তাহব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে সংগঠনটি।
আজ শনিবার বিকেল ৪টায় কাকরাইলে আইডিইবি ভবনে প্রয়াত নেতারা ও সদস্য প্রকৌশলীদের স্মরণে দোয়া মাহফিল হবে। সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে নেতারা অংশগ্রহণে দিবসের প্রেক্ষাপটে বিশেষ আলেখ্য অনুষ্ঠান সম্প্রচার করা হবে। এ ছাড়া আগামীকাল রবিবার সকাল ১০টায় আইডিইবি ভবনে র্যালিপূর্ব আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। পরদিন বিকেল ৪টায় একই ভেন্যুতে রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের অংশগ্রহণে ‘দক্ষ জনশক্তি : দেশ গঠনের মূল ভিত্তি’শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। তারপর দিন নভেম্বর বিকেলে পারিবারিক মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়েও অনুরূপ কর্মসূচি পালিত হবে।
এ ছাড়া ৮-১৪ নভেম্বর সারা দেশে বিনামূল্যে প্রযুক্তি পরামর্শ সেবা প্রদান করা হবে।
প্রতিপাদ্যের প্রাসঙ্গিকতা সম্পর্কে আইডিইবির পক্ষ থেকে জানানো হয়, চতুর্থ শিল্প বিপ্লবের এ যুগে প্রযুক্তি দ্রুত কাজের দৃশ্যপট বদলে দিচ্ছে। অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকস ও ডিজিটাল উৎপাদন শিল্পকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে। বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কারিগরি শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও ক্রমাগত পেশাগত প্রশিক্ষণে বিনিয়োগের বিকল্প নেই। এ প্রেক্ষাপটেই এবারের প্রতিপাদ্য অত্যন্ত সময়োপযোগী হয়েছে।
প্রধান উপদেষ্টার বাণী :
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার বাণীতে বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। অবকাঠামো ও শিল্প থেকে শুরু করে প্রতিটি খাতে তাদের সেবা ও প্রযুক্তিগত দক্ষতা আধুনিক অর্থনীতির ভিত্তি মজবুত করছে।’
তিনি আরও বলেন, ‘একটি বৃহৎ পেশাজীবী সংগঠন হিসেবে আইডিইবি দক্ষ কর্মীবাহিনীকে লালন-পালন, কারিগরি শিক্ষার প্রসার এবং টেকসই প্রবৃদ্ধির জন্য উদ্ভাবনকে উৎসাহিত করে যাচ্ছে। একটি জাতির প্রকৃত শক্তি তার প্রাকৃতিক সম্পদের চেয়ে জনগণের জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতার মধ্যে নিহিত।’
প্রধান উপদেষ্টা আইডিইবির সদস্যদের অব্যাহত প্রতিশ্রুতি, পেশাদারিত্ব ও উদ্ভাবনের চেতনায় জাতি গঠনের অগ্রভাগে থাকার আহ্বান জানিয়ে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
