নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির প্রথম জুমা নামাজ পুয়ের্তো রিকোতে
নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি নির্বাচনের পর প্রথম জুমার নামাজ আদায় করেছেন পুয়ের্তো রিকোতে। শুক্রবার তিনি রাজধানী সান জুয়ানের একটি মসজিদে স্থানীয় মুসল্লিদের সঙ্গে নামাজে অংশ নেন।
মসজিদে পৌঁছালে উপস্থিত মুসল্লিরা উচ্ছ্বাসের সঙ্গে তাকে স্বাগত জানান। খুতবার পর তিনি সাধারণ মুসল্লিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেন এবং নামাজ শেষে অংশগ্রহণকারীদের মাঝে খাবার বিতরণ করেন।
মাত্র দুই দিন আগে নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয়ী হন ৩৪ বছর বয়সি এই নেতা। তিনি সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো ও রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে পরাজিত করে ঐতিহাসিক বিজয় অর্জন করেন। এ নির্বাচনে দুই মিলিয়নেরও বেশি ভোট পড়ে, যা শহরের ইতিহাসে সর্বোচ্চ।
নির্বাচনের পর তিনি পুয়ের্তো রিকো সফরে যান বার্ষিক ‘সোমোস কনফারেন্স’-এ যোগ দিতে। রাজধানী সান জুয়ানে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রতি বছর নিউইয়র্কের রাজনীতিক, নীতিনির্ধারক ও সমাজকর্মীরা একত্রিত হন নীতি, সংস্কার ও সামাজিক সংলাপ নিয়ে আলোচনা করতে।
এ সফরকে মামদানির প্রথম বড় রাজনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এখানে তিনি নিউইয়র্ক প্রশাসনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে মতবিনিময় করবেন। ইতোমধ্যে তিনি সিটি হলের নতুন প্রশাসন গঠনে একটি ট্রানজিশন টিম গঠন করেছেন।
সম্মেলনের অংশ হিসেবে তিনি নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস আয়োজিত এক সংবর্ধনায়ও অংশ নেবেন। লেটিটিয়া জেমস ছিলেন তার নির্বাচনী প্রচারণার অন্যতম প্রধান সমর্থক।
