ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং দেশকে দুর্নীতি ও দুঃশাসনমুক্ত করার ক্ষেত্রে জামায়াতে ইসলামী কারও সঙ্গে আপোষ করবে না বলে জানিয়েছেন দলের আমীর ও ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. শফিকুর রহমান। তিনি দাবি করেন, তার দল কথা ও কাজের মধ্যে সামঞ্জস্য রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
শুক্রবার (৭ নভেম্বর) রাতে রাজধানীর মিরপুরের পীরেরবাগ ঝিলপাড়ে এক প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত কেবল প্রতিশ্রুতির রাজনীতি করে না; বরং দেশ ও জাতিকে একটি ‘নতুন বাংলাদেশ’ উপহার দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’ তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে অনেকেই বাংলাদেশকে আমেরিকা বা কানাডা বানানোর স্বপ্ন দেখায়, কিন্তু নির্বাচনের পর সেই ওয়াদা ভুলে যায়। গত ৫৪ বছরে মানুষ বহুবার প্রতারিত হয়েছে। এবার এসব ধোঁকাবাজিকে ‘না’ বলতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। এ দেশ কারও নির্দেশে চলবে না। আমরা কাউকে ‘দাদা’ বা ‘বড় ভাই’ মানবো না। আত্মসম্মানের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। কারও সঙ্গে বৈরিতা নয়, বরং বন্ধুত্ব ও সমতার ভিত্তিতেই আমাদের পররাষ্ট্রনীতি পরিচালিত হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমীর আব্দুর রহমান মূসা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মিরপুর পূর্ব থানার কর্মপরিষদ সদস্য সাইফুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা-১৫ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সচিব শাহ আলম তুহিন, মহানগরীর কর্মপরিষদ সদস্য মো. শহীদুল্লাহ, কাফরুল জোনের সহকারী পরিচালক জসিম উদ্দিন এবং মিরপুর পূর্ব থানার সেক্রেটারি ওয়াহিদুল ইসলাম সাদী।
এর আগে, ডা. শফিকুর রহমান পীরেরবাগ ছাপড়া মসজিদে জুমার নামাজ, বাইতুল আরাফা মসজিদে আসর ও বড়বাগ গাউসিয়া মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি মুসল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। মাগরিবের পর তিনি পশ্চিম মনিপুরে জামায়াত আয়োজিত এক সূধী সমাবেশেও বক্তব্য দেন।
