ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান রফিকুল আমীনকে ‘রাজনীতির দুষ্টু চালক’ আখ্যা দিয়েছেন আম জনতার দলের সদস্য সচিব মো. তারেক রহমান।
শনিবার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মূল ফটকে অনশনের ১০০ ঘণ্টা পূর্ণ হলে তিনি এ মন্তব্য করেন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনকে উদ্দেশ্য করে তারেক বলেন, ডেসটিনির দল আম জনগণ পার্টির নিবন্ধন বাতিল করুন। এতে করে আপনি অনেক অভিযোগ থেকে রক্ষা পাবেন।
নিজ দলের নিবন্ধন না পাওয়ায় অন্য দলের নিবন্ধন বাতিলের দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করলে তিনি একটি উপমা টানেন। তারেক বলেন, রাস্তায় দশটি গাড়ির মধ্যে যদি একটি গাড়ির চালক দুষ্টু বালক হয়, আপনি কি ভালোভাবে গাড়ি চালাতে পারবেন? পারবেন না। রফিকুল আমীন রাজনীতিতে তেমনই একজন। তাই তার দলের নিবন্ধন বাতিল করা উচিত।
তিনি আরও দাবি করেন, রফিকুল আমীন কী জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন! ছিলেন তো জেলে। তারেকের ভাষ্যে, তিনি ৪৩ লাখ গ্রাহকের অর্থ আত্মসাৎ করে জেলে গিয়েছিলেন। আমাদের আন্দোলনের ফলস্বরূপ তিনি মুক্তি পেয়েছেন। মুক্তি পেয়ে তিনি সম্পদ রক্ষার জন্য দল গঠন করেছেন।
গত ৪ নভেম্বর বিকেল থেকে নির্বাচন কমিশনের মূল ফটকের সামনে অনশন চালিয়ে আসছেন মো. তারেক। তিনি জানান, তার শরীর এখন অসুস্থ্যতার লক্ষণ দেখাচ্ছে। তার মতে, ইসির একজন যুগ্ম সচিব বৃহস্পতিবার তার বক্তব্য শুনে গেলেও এখনো কোনো সাড়া দেয়নি কমিশন।
