'বরফ গলছে', নাকভির সাথে বৈঠকের পর ভারতীয় বোর্ড সেক্রেটারি

আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ০৬:৪৩ পিএম

এশিয়া কাপ ট্রফি ইস্যু নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থা দূর করতে অবশেষে আলোচনায় বসেছে ভারত ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (বিসিসিআই ও পিসিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিসিআইয়ের সচিব দেবজিত সা্কইয়া। দুবাইয়ে আইসিসির বৈঠকের ফাঁকে পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভির সঙ্গে তাঁর বৈঠক হয়।

বিতর্কের সূত্রপাত হয় সেপ্টেম্বরে, টি-টোয়েন্টি এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারানোর পর ভারতীয় দল নাকভির কাছ থেকে ট্রফি গ্রহণে অস্বীকৃতি জানালে। নাকভির ‘ভারতবিরোধী অবস্থান’-এর কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নেয় ভারতীয় দল। এরপর থেকেই ট্রফিটি আটকে আছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এএসিসি) দুবাই কার্যালয়ে।

সাইকিয়া ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইকে বলেন, “আইসিসির আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক—দুই ধরনের বৈঠকেই আমি অংশ নিয়েছিলাম। পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভিও উপস্থিত ছিলেন। যদিও বিষয়টি বৈঠকের এজেন্ডায় ছিল না, তবে আইসিসির মধ্যস্থতায় আমাদের মধ্যে আলাদা করে একটি বৈঠক হয়, যেখানে একজন সিনিয়র আইসিসি কর্মকর্তা উপস্থিত ছিলেন।” তিনি আরও বলেন, “আলোচনার প্রক্রিয়া শুরু হওয়াটাই বড় ইতিবাচক বিষয়। দুই পক্ষই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠকে অংশ নেয়। বরফ গলা শুরু হয়েছে, এখন দুই পক্ষ মিলে বিভিন্ন বিকল্প নিয়ে কাজ করবে, যাতে দ্রুত সমাধান পাওয়া যায়।” সূত্রের বরাত দিয়ে পিটিআই জানিয়েছে, আলোচনাটি শুরুতে উদ্যোগ নেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা ও সিইও সঞ্জোগ গুপ্তা। সাইকিয়া বলেন, “সবকিছু ইতিবাচকভাবে এগোলে অচিরেই বিষয়টি মিটে যাবে।”

নাকভি, যিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও, নির্দেশ দিয়েছিলেন ট্রফি যেন তাঁর অনুমতি ছাড়া কোথাও সরানো না হয়। তাঁর দাবি, ভারতীয় দলকেই তাঁর হাত থেকে ট্রফি গ্রহণ করতে হবে।

আইসিসির কোনো বিরোধ নিষ্পত্তি কমিটি গঠনের খবরকে অবশ্য সাইকিয়া অস্বীকার করেছেন। তিনি বলেন, “আইসিসির একজন সিনিয়র কর্মকর্তা এই প্রক্রিয়ায় যুক্ত থাকলেও এখনই কোনো কমিটি গঠনের প্রয়োজন নেই। আলোচনার মাধ্যমেই সমাধান হবে।”

এশিয়া কাপের শুরু থেকেই উত্তেজনা ছিল চরমে। পাহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর ভারতীয় খেলোয়াড়রা পুরো টুর্নামেন্টে পাকিস্তানিদের সঙ্গে হাত মেলানো থেকে বিরত থাকেন। মাঠেও দুই দলের খেলোয়াড়দের মধ্যে কয়েক দফা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। তবুও শেষ পর্যন্ত পাঁচ উইকেটে জয় পেয়ে শিরোপা জেতে ভারত।

এদিকে, নারী ক্রিকেট বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে ভারতের সফল ব্যবস্থাপনার প্রশংসা করেছে আইসিসি। ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করেছিল আসরটি, যেখানে হারমানপ্রীত কৌরের নেতৃত্বে ভারত জয় পায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। শইকিয়া জানান, “আইসিসি ভারতের আয়োজন নিয়ে প্রশংসা করেছে। দক্ষিণ আফ্রিকাকেও টানা তিনটি ফাইনালে ওঠার জন্য অভিনন্দন জানিয়েছে। তাদের উন্নতি স্পষ্ট।”

সংক্ষেপে বলতে গেলে, ভারত-পাকিস্তান ক্রিকেটের সম্পর্কের বরফ কিছুটা গলতে শুরু করেছে—যেটি ভবিষ্যতে এশিয়া কাপ ট্রফি বিতর্কের শান্তিপূর্ণ সমাধানের পথ খুলে দিতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত