‘দূষণমুক্ত পরিবেশ, বাইসাইকেলে দেখব দেশ’ এই স্লোগানে দেশের ৬৪ জেলায় বাইসাইকেলে চড়ে ভ্রমণে বের হয়েছেন রুহিত দত্ত তীর্থ নামের এক তরুণ। আজ রবিবার ৩৩তম দিনে ৪১তম জেলা বাগেরহাটে বেলা সাড়ে ১১টায় পৌঁছান তিনি। দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবে এসে তার কী উদ্দেশ্যে দেশের ৬৪ জেলা ভ্রমণে বের হওয়া তা তুলে ধরেন।
মৌলভিবাজার শহরেই তার বাড়ি। তপন দত্ত ও রীনা দের ছেলে রুহিত। দুই ভাইয়ের মধ্যে তিনি ছোট। তার জেলা ভ্রমণের নানা অনুভূতি তুলে ধরেন এই প্রতিবেদকের কাছে।
রুহিত দত্ত তীর্থ বলেন, আমি সাইকেলিং কমিটির একজন এক্টিভিস্ট। ২০২১ সালের শেষ দিকে বাইকেল চালানো শিখি। এরপর আমার স্বপ্ন ছিল দেশের ৬৪ জেলা বাইকেলে চড়ে ভ্রমণ করব। চট্টগ্রামের তাম্মাত নামে এক সাইক্লিস্ট তার অনুপ্রেরণায় জেলাগুলো ভ্রমণের জন্য প্রস্তুতি শুরু করি। পরিবারের কাছে আমার এই ইচ্ছার কথা জানালে তারাও আমাকে উৎসাহ যোগায়। চলতি বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হই। গত ৮ অক্টোবর ৬৪ জেলা ভ্রমণের উদ্দেশ্যে বের হই। সিলেট থেকে আমার যাত্রা শুরু হয়। আজ ৩৩তম দিনে ৪১তম জেলা বাগেরহাটে বেলা সাড়ে এগারোটায় পৌঁছেছি। এখান থেকে ৪২তম জেলা পিরোজপুরের উদ্দেশ্যে রওনা করব। যে জেলাইতেই যাচ্ছি সবাই আমাকে খুব সাপোর্ট করছে, এতে খুব ভালো লাগছে।
তিনি বলেন, এভাবে ঘুরে বিভিন্ন জেলার ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে জানতে পারছি। জেলার ওপর দিয়ে অন্য জেলার উদ্দেশ্যে রওনা হই। এ সময় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করি। অনেক সময় তারা আমাকে রাতযাপনের ব্যবস্থা করে দেয়। প্রশাসন আমাকে সহযোগিতা করছে। ২৩তম জেলা ঝিনাইদহ থেকে মাদারীপুর যাওয়ার পথে ছোট্ট একটি দুর্ঘটনার শিকার হই। হাতে ও পায়ে একটু ব্যথা পাই।
বাগেরহাট শহরের বাসিন্দা সমাজকর্মী ফররুখ হাসান জুয়েল বলেন, বাইসাইকেলে চড়ে ৬৪ জেলা ভ্রমণে বের হওয়া রুহিত নামে এক তরুণের সঙ্গে দেখা হয়ে ভালো লেগেছে। তিনি সারা বাংলাদেশ ঘুরছেন। আমরা দেখতে চাই না কিন্তু রুহিত দেখতে চাইছেন। রুহিতের ঘুরে দেখার যে চোখ তা যেন আগামীর বাংলাদেশ দেখার চোখ হয় সেই প্রত্যাশা করছি।
