মৌলভীবাজারের কমলগঞ্জে চা জনগোষ্ঠীর সাথে মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মো. মহসিন মিয়া মধুর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ নভেম্বর) বেলা ৩টার দিকে কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের শ্রী গোবিন্দপুর চা বাগান মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
মাঠ ভর্তি উপজেলার সকল চা বাগানের প্রায় ১২ হাজার চা শ্রমিকের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মহসিন মিয়া মধু। তিনি বলেন, “চা বাগান মালিক শ্রমিকের শান্তি ও সম্প্রতির প্রার্থী হিসেবে মৌলভীবাজার ৪ আসনে নির্বাচন করতে চাই। চা শিল্প টিকিয়ে রাখতে শ্রমিক ও মালিক এক পরিবার হিসেবেই কাজ করতে হবে। আপনারা পাশে আছেন বলেই আমি নির্বাচনে অংশ নিচ্ছি। আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে কোন সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ ও চোরাকারবারি মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। আমাদের শ্রীমঙ্গল কমলগঞ্জকে শান্তিতে রাখতে হলে, আমাদের সম্প্রীতি অটুট রাখতে হলে সবাইকে এক হয়ে কাজ করে যেতে হবে। পাশাপাশি তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।”
এসময় আরও বক্তব্য আরো রাখেন চা শ্রমিক নেত্রী ও ইউপি সদস্য দীপালী রেলি, ইউপি সদস্য মালতী বুনার্জী, ইউপি সদস্য বীনা রাণী দেব, প্রদীপ শীল, রাধেশ্যাম বাড়ই, রিয়াজ আহমেদ, প্রদীপ পাল, মহসিন মিয়া মধুর ছেলে মুরাদ হোসেন সুমন প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আতিকুর রহমান জরিফ, কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মঈন ফারুক, মৌলভীবাজার জেলা তাঁতী দলের আহ্বায়ক আতাউর রহমান চৌধুরী, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল হোসেন, শ্রীমঙ্গল পৌর বিএনপি যুগ্ন আহবায়ক আব্দুল জব্বার আজাদসহ শ্রীমঙ্গল- কমলগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতা কর্মী এবং কয়েক হাজার নারী পুরুষ চা শ্রমিক।
