ঢাকা কলেজ ও আইডিয়ালের শিক্ষার্থীদের মধ্যে শান্তিচুক্তি

আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০৭:২৯ এএম

আগামী দিনে কোনো ধরনের ঝামেলা বা বিবাদে না জড়ানোর অঙ্গীকার করে রাজধানীর ঢাকা কলেজ ও ধানমন্ডির আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে শান্তি চুক্তি হয়েছে। গতকাল রবিবার দুপুরে নিউ মার্কেট থানার উদ্যোগে মৌখিকভাবে এই চুক্তি হয়েছে। তবে চুক্তিতে সিটি কলেজকে ডাকা হলেও, ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাতে সাড়া দেননি।

রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রায়ই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে। কখনো কখনো তা ব্যাপক সংঘর্ষে রূপ নেয়। শিক্ষার্থীদের এই সংঘর্ষ থামাতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে যেমন বিপাকে পড়তে হয়, তেমনি ভোগান্তিতে পড়তে হয় রাস্তায় চলাচলকারীদেরও।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিউ মার্কেট থানার উদ্যোগে ঢাকা কলেজের অডিটোরিয়ামে চুক্তি সম্পাদন অনুষ্ঠানে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষকদের উপস্থিতিতে শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নিয়ে বিবাদে না জড়ানোর অঙ্গীকার করেন। অনুষ্ঠানের বিষয় জানতে চাইলে নিউ মার্কেট থানার ওসি এ কে এম মাহফুজুল হক বলেন, ‘আমরা ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে এই শান্তিচুক্তি অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীরা অনুষ্ঠানে আসেননি। এখানে আমাদের কিছু করার নেই। তবে দুই কলেজের শিক্ষার্থীদের মৌখিকভাবে শান্তিচুক্তির বিষয়তে সাধুবাদ জানাই।’

ওসি আরও বলেন, ‘দুই কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে আমরা একটি কমিটি করে দেব। ভবিষ্যতে যদি এ দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে কোনো বিবাদ ঘটে, তা এই কমিটির মাধ্যমে সুরাহা করা হবে। এই শান্তিচুক্তি যেন দীর্ঘদিন বজায় থাকে, সে প্রত্যাশাও রাখা হয়।’

দেখা গেছে, অনুষ্ঠানে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা শান্তিচুক্তি অনুষ্ঠানে এলে তাদের ফুল দিয়ে বরণ করে নেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এ সময় তাদের কোলাকুলি করতেও দেখা যায়।

শান্তিচুক্তি অনুষ্ঠানে ওসি এ কে এম মাহফুজুল হক, ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস, আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ রেযওয়ানুল হকসহ কলেজ দুটির শিক্ষকরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত