আপাতত উচ্চ মাধ্যমিকের নির্বাচনী পরীক্ষা হচ্ছে না

আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০৭:৩১ এএম

উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা (২০২৪-২০২৫) এখনই না নিতে কলেজগুলোকে নির্দেশনা দিচ্ছে সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডগুলো। পাশাপাশি কলেজগুলোকে আপাতত নিয়মিত ক্লাস চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়ে বলা হচ্ছে, কবে নাগাদ নির্বাচনী পরীক্ষা নিতে হবে তা  বিজ্ঞপ্তি আকারে জানানো হবে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার গতকাল রবিবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দোহাই দিয়ে বহু কলেজ নভেম্বরে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা আয়োজন 

করছে। এর ফলে শিক্ষার্থীরা পরীক্ষার আগে পর্যাপ্ত সময় পাচ্ছে না। তাই আমরা কলেজগুলোকে আপাতত নির্বাচনী পরীক্ষা না নিয়ে নিয়মিত ক্লাস চালিয়ে যেতে বলেছি।’

তিনি বলেন, ‘নির্বাচনী পরীক্ষা কবে হবে তা আমরা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেব।’ একই বিষয়ে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন বলেন, ‘আমরাও আপাতত দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার আয়োজন না করতে কলেজগুলোর জন্য নির্দেশনা জারি করছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত