চোট কাটিয়ে ফেরা লেভানডফস্কির হ্যাটট্রিকে বার্সার জয়

আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০৭:৫৩ এএম

বার্সেলোনার গোলমেশিন রবার্ট লেভানডফস্কি আবারও প্রমাণ করলেন, বয়স কেবল সংখ্যামাত্র। ৩৭ বছর বয়সী এই পোলিশ তারকা চোট থেকে ফেরার পরই ঝলসে উঠলেন হ্যাটট্রিকে। তার নৈপুণ্যে সেল্টা ভিগোকে ৪-২ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা।

এই ম্যাচে লেভানডফস্কি হয়ে গেলেন ২১ শতকে লা লিগায় হ্যাটট্রিক করা তৃতীয় সর্বাধিক বয়সী ফুটবলার। চোটের কারণে গত মাসে মাঠের বাইরে থাকলেও ফিরে এসেই আগুন ঝরালেন বার্সার জার্সিতে।

বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক বলেন,

“চোটের পর আমি একেবারে ভিন্ন রবার্ট লেভানডফস্কিকে দেখছি। ও এখন আরও ইতিবাচক, আত্মবিশ্বাসে ভরপুর। আজকের তিন গোল তার আত্মবিশ্বাস ফেরাতে অনেক সাহায্য করবে।”

ম্যাচের শুরু থেকেই ছিল লেভানডফস্কির আধিপত্য। ১০ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করেন তিনি। এরপর ৩৭ ও ৭৩ মিনিটে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। তরুণ লামিনে ইয়ামালও একটি গোল করেন বার্সার হয়ে।

এই জয়ে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছে বার্সেলোনা। এখন দুই দলের পয়েন্ট ব্যবধান মাত্র তিন। গতরাতে রিয়াল মাদ্রিদ ১২তম রাউন্ডের ম্যাচে গোলশূন্য ড্র করে।

ম্যাচ শেষে লেভানডফস্কি বলেন,

“প্রথমার্ধে কিছু ভুল করেছি, তবে বিরতির পর আমরা নিয়ন্ত্রণে ফিরেছিলাম। এখন লক্ষ্য, এই গতি ধরে রাখা।”

তিনি আরও যোগ করেন,

“ফ্লিক আমাকে জিজ্ঞেস করেছিলেন বিশ্রাম চাই কিনা, আমি বলেছি না। আজ আমি শারীরিকভাবে দুর্দান্ত অনুভব করেছি। আশা করি বিরতির পর আমরা আরও ভালো খেলব।”

এ ম্যাচের পর আন্তর্জাতিক বিরতিতে পোল্যান্ড জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ে নেদারল্যান্ডস ও মাল্টার মুখোমুখি হবেন লেভানডফস্কি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত