মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্তে অভিবাসী নৌকাডুবির ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রবিবার (৯ নভেম্বর) রাতে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ও নিখোঁজ সকল অভিবাসীর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায় এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে।
এনসিপি তাদের বিবৃতিতে উল্লেখ করে যে এই নৌকাডুবি শুধু একটি দুর্ঘটনা নয়, বরং বহু বছরের পুরনো মানবিক সংকটের বহিঃপ্রকাশ, যা অবৈধ মানবপাচার, দারিদ্র্য ও রোহিঙ্গা সংকটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
দলটি সংশ্লিষ্ট সকলের কাছে নিম্নলিখিত আহ্বান জানিয়েছে-
প্রথমত, ভাসমান ও নিখোঁজ অভিবাসীসহ সবাইকে মানবিক দৃষ্টিকোণ থেকে সহায়তা প্রদান ও উদ্ধার কার্যক্রমে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আবেদন জানানো হয়েছে।
দ্বিতীয়ত, বাংলাদেশ সরকারের প্রতি মানবপাচার রোধ, রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধান এবং নিরাপদ অভিবাসন ব্যবস্থার বাস্তবায়নে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
তৃতীয়ত, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দক্ষিণ এশিয়ায় মানবপাচার ও জোরপূর্বক অভিবাসন রোধে একযোগে কার্যকর উদ্যোগ গ্রহণের অনুরোধ করা হয়েছে।
এনসিপি তাদের বিবৃতিতে জোর দিয়ে বলে যে এই মানবিক সংকটের স্থায়ী সমাধান কেবল আঞ্চলিক সহযোগিতা, মানবাধিকার সুরক্ষা এবং দারিদ্র্য বিমোচনের মাধ্যমেই সম্ভব।
