আট বছর পর আবার অভিনয়ে ফিরছেন মেগান মার্কেল। সাসেক্সের ডাচেস এবার নিজ চরিত্রে দেখা দেবেন আসন্ন কমেডি চলচ্চিত্র 'ক্লোজ পারসোনাল ফ্রেন্ডস'-এ। ছবিটিতে আরও অভিনয় করছেন লিলি কলিন্স, ব্রি লারসন, জ্যাক কোয়েড এবং হেনরি গোল্ডিং।
জেসন অরলি পরিচালিত এই সিনেমার কাহিনি এক সাধারণ দম্পতিকে ঘিরে, যারা সান্তা বারবারায় বেড়াতে গিয়ে এক সেলিব্রিটি দম্পতির সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে। এরপরই শুরু হয় নানা মজার ও বিব্রতকর ঘটনা। বর্তমানে লস অ্যাঞ্জেলেসে ছবির শুটিং চলছে এবং সম্প্রতি মেগানকে শ্যুটিং সেটে দেখা গেছে।
মার্কেলকে সবচেয়ে বেশি পরিচিত করে তুলেছিল জনপ্রিয় সিরিজ সুটস-এ র্যাচেল জেন চরিত্রে তার অভিনয়। ২০১৭ সালে প্রিন্স হ্যারির সঙ্গে বাগদানের পর তিনি রাজকীয় দায়িত্ব পালনের জন্য অভিনয় থেকে সরে দাঁড়ান। তার পূর্বের চলচ্চিত্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য 'হরিবল বসেস' ও 'রিমেম্বার মি'।
