কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ, সিটি করপোরেশন ও সেনানিবাস এলাকা) আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়নের দাবিতে মিছিল ও সমাবেশ করেছেন তরুণ শিক্ষার্থীরা।
সোমবার (১০ নভেম্বর) বিকেলে কুমিল্লা জিলা স্কুলের সামনে “জিজেডএন-জেড-৩৫০০” নামের শিক্ষার্থী সংগঠনের ব্যানারে কয়েক হাজার শিক্ষার্থী জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কান্দিরপাড় পূর্বালী চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন শুভ রাতি শাহজাদি মেমোরিয়াল স্কুলের ছাত্রী প্রার্থনা নূর মুনিয়া, ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী রিয়ানা বিনতে হাসান, বাখরাবাদ হাই স্কুলের ছাত্রী মেহেক রোশন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্র তৌসিফ আহমেদ, নবাব ফয়জুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী সানজিদা ইসলাম, কুমিল্লা সরকারি কলেজের ছাত্র তাশাউফ আমিন, ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজের ছাত্র সাব্বির আহমেদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফখরুদ্দিন রাজিব ও ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্র মেহেদী হাসান রবিন প্রমুখ।
বক্তারা বলেন, তরুণ প্রজন্মের আশা ও পরিবর্তনের প্রতীক হিসেবে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে কুমিল্লা-৬ আসনে মনোনয়ন দেওয়া প্রয়োজন। তাঁরা দাবি করেন, ইয়াছিন বহুদিন ধরে কুমিল্লার তরুণ ভোটারদের আস্থা ও বিশ্বাসের জায়গায় কাজ করে যাচ্ছেন। শিক্ষার্থীদের সুযোগ বিস্তার ও যুবসমাজকে ঐক্যবদ্ধ করতে তিনিই উপযুক্ত প্রার্থী।
সমাবেশে শিক্ষার্থীদের হাতে ছিল নানা প্ল্যাকার্ড ও ব্যানার। তাতে লেখা ছিল—‘তারুণ্যের শক্তি, উন্নয়নের প্রতীক হাজী ইয়াছিন’, ‘কুমিল্লা-৬ এ তরুণ প্রার্থী চাই’, ‘আমাদের সিদ্ধান্ত—ইয়াছিন ভাইই প্রার্থী’, ‘নেতা নয়, দরকার বিশ্বাসের মানুষ, পরিচ্ছন্ন মানুষ’। আয়োজকদের দাবি, তরুণ নেতৃত্বকে মূল্যায়ন ও মনোনয়ন পুনর্বিবেচনার আহ্বান জানাতেই এ কর্মসূচি পালন করা হয়।
উল্লেখ্য, গত আট দিন ধরে হাজী ইয়াছিনের মনোনয়নের দাবিতে কুমিল্লায় চলছে ধারাবাহিক কর্মসূচি। ৩ নভেম্বর রাতে মহাসড়ক অবরোধের মধ্য দিয়ে এ আন্দোলনের সূচনা হয়। পরদিন নগরীর কান্দিরপাড়ে মশাল মিছিল অনুষ্ঠিত হয়। ৫ নভেম্বর নারীদের সমাবেশ, ৬ নভেম্বর নফল রোজা ও গণইফতার, ৭ নভেম্বর জুমার নামাজের পর বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল, ৮ নভেম্বর অবস্থান কর্মসূচি এবং ৯ নভেম্বর কারা-নির্যাতিত বিএনপি পরিবারের সংবাদ সম্মেলনের পর ১০ নভেম্বর পালিত হলো তারুণ্যের সমাবেশ।
শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন, হাজী ইয়াছিনকে মনোনয়ন না দেওয়া পর্যন্ত তাঁদের শান্তিপূর্ণ কর্মসূচি চলবে। তাঁরা জানান, আগামী দিনগুলোতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যানার-ফেস্টুন প্রদর্শন, মানববন্ধন ও মতবিনিময় সভার আয়োজন করা হবে।
