দলের মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থনে বিক্ষোভ চলাকালে টায়ারে আগুন জ্বালাতে গিয়ে রাজশাহীতে দগ্ধ হয়েছেন ছাত্রদলের এক নেতা। সোমবার (১০ নভেম্বর) বিকেলে নগরীর চৌদ্দপাই এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধ ওই নেতার নাম শহিদুল ইসলাম (৩২)। তিনি রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।
ঘটনার পর তার সহকর্মীরা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন এবং প্রথমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যান। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিএনপির সাবেক ভূমি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কবির হোসেনের ছেলে নাসির হোসেন অস্থিরের সমর্থকরা দুপুরের পর মহাসড়কে বিক্ষোভে নামেন।
রাজশাহী-৩ (পবা–মোহনপুর) আসনে অস্থিরকে মনোনয়ন না দেওয়ার প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করছিলেন। ওই আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে দলের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলনকে।
বিক্ষোভে অংশ নেওয়া যুবদল কর্মী সাইদুর রহমান বলেন, “অস্থির ভাই অনেকদিন ধরে আসনটিতে দলের জন্য কাজ করছেন। প্রতিটি আন্দোলন ও সংগঠনে তিনি সক্রিয় ছিলেন। তাকে মনোনয়ন না দেওয়ায় কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।”
ঘটনা প্রসঙ্গে নাসির হোসেন অস্থির বলেন, “দীর্ঘদিন ধরে রাজশাহী-৩ আসনে আমি দলের হয়ে কাজ করে আসছি। আমার সমর্থকরা ক্ষোভ প্রকাশ করতে গিয়ে সড়কে বিক্ষোভ করেন। সেই সময় টায়ারে আগুন জ্বালাতে গিয়ে শহিদুলের শরীরে আগুন ধরে যায়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।”
