নাটোরের এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের মামলায় ফিরোজ আহমেদে নামে এক প্রধান শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে আসামির উপস্থিতিতে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মহিদুজ্জামান মুহিত পৃথক ধারায় এ রায় দেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ফিরোজ আহমেদ (৪৮) নাটোরের গুরুদাসপুর উপজেলার বাসিন্দা ও নাজিরপুর মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মুন্সি আবুল কালাম আজাদ জানান, স্কুলের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ ওই শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। ২০২২ সালের ১ অক্টোবর সকালে ওই শিক্ষার্থী ব্যবহারিক পরীক্ষা দিতে গেলে তিনি স্কুলের মূল ফটকের সামনে ডেকে এনে তাকে মাইক্রোবাসে তুলে অপহরণ করেন। পরে পথচারীরা ঘটনাটি প্রত্যক্ষ করে শিক্ষার্থীর পরিবারকে জানালে তারা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ দীর্ঘ তদন্তের পর ফিরোজ আহমেদসহ তার দুই ভাইকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। শুনানির পর প্রধান শিক্ষক ফিরোজ আহমেদকে দোষী সাব্যস্ত করে দুই ধারায় একটিতে যাবজ্জীবন ও অপরটিতে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তার দুই ভাইকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
