মিগ-৩১ চুরি থামালো রাশিয়া,অভিযোগ ইউক্রেন-যুক্তরাজ্যের বিরুদ্ধে

আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ০৩:২৪ পিএম

রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) জানিয়েছে, ইউক্রেন ও ব্রিটিশ গোয়েন্দারা এক রুশ পাইলটকে প্রলুব্ধ করে কিনজাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র-সজ্জিত মিগ-৩১ যুদ্ধবিমান চুরি করাতে চেয়েছিল। মঙ্গলবার (১১ নভেম্বর) রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এফএসবি জানিয়েছে, বিমানটি রোমানিয়ার কনস্টান্টা শহরের ন্যাটো ঘাঁটিতে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল, 
যেখানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সেটিকে আক্রমণ করতে পারত। সংস্থাটি এটিকে ইউক্রেন ও ব্রিটেনের যৌথভাবে পরিকল্পিত উসকানিমূলক অপারেশন হিসেবে অভিহিত করেছে। 

রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশিত তথ্য অনুযায়ী, ইউক্রেন ও ব্রিটিশ গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করা এক ব্যক্তি পাইলটকে তিন মিলিয়ন ডলার ও ইউরোপীয় নাগরিকত্বের প্রলোভন দিয়েছিলেন।
 
রাশিয়ার কিনজাল বিমান থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, এটি 'হাইপারসনিক' বলে অভিহিত। অত্যন্ত উচ্চগতির এ ক্ষেপণাস্ত্রের দিক পরিবর্তনের ক্ষমতা আছে, যা শত্রুপক্ষের জন্য শনাক্ত ও প্রতিহত করা কঠিন করে তোলে। 

রাশিয়া দীর্ঘদিন ধরে ব্রিটেনকে প্রধান শত্রু হিসেবে দেখছে। মস্কো অভিযোগ করেছে, লন্ডন ইউক্রেন যুদ্ধ উসকে দিচ্ছে এবং ব্রিটিশ গোয়েন্দারা ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাতে সহায়তা করছে।

অন্যদিকে ব্রিটেন রাশিয়ার ইউক্রেন আগ্রাসনকে 'সাম্রাজ্যবাদী ভূমি দখল' বলে অভিহিত করেছে। লন্ডন একাধিকবার সতর্ক করেছে, রুশ গোয়েন্দারা ব্রিটেন ও ইউরোপে বিশৃঙ্খলা ছড়িয়ে গণতান্ত্রিক কাঠামো দুর্বল করার চেষ্টা করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত